ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেলে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়ার পরই মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন এ বিষয়ে উচ্চ আদালতে দায়ের করা দুই রিট আবেদনকারী।
পুরনো পদ্ধতিতে মেডিকেলে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে দায়ের করা প্রথম রিটের বাদি আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার আগের নিয়মে ভর্তি প্রক্রিয়া শুরু করলে রিট প্রত্যাহার করব।
“মুখের কথার গ্যারান্টি কি আছে? আগে ভর্তি বিজ্ঞপ্তি দিক। তারপর দেখা যাবে।”
সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আন্দোলনকারী ভর্তিচ্ছুদের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সাংবাদিকদের বলেন, “মামলা তুলে নিলে প্রচলিত পদ্ধতিতে ভর্তি করা হবে।”
এরপর ভর্তিচ্ছু আন্দোলনকারীরা জানান, রিট আবেদনকারী ইউনুস আলী তার আবেদন প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন।
গত ১২ অগাস্ট স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দেন, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এর প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে। এর ধারাবাহিকতায় ১৪ অগাস্ট রিট আবেদন করেন ইউনুস আলী।
গত ১৪ অগাস্ট এই রিট আবেদন হাই কোর্ট রুল জারি করেছিল। এরপর পুরাতন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে ইউনুস আলীর দায়ের করা একটি সম্পুরক আবেদনে ২৭ অগাস্ট দ্বিধা বিভক্ত আদেশ দেয় আদালত।
ইউনুসের পর জুনায়েদ রহমান ইয়াম নামে এক মেডিকেল ভর্তিচ্ছুর বাবা ডা. এ কে মিজানুর রহমান আরেকটি রিট আবেদন করেন।
গত ২৭ অগাস্ট ওই রিট আবেদনে রুলে সরকারকে একই ধরনের কারণ দর্শানোর নোটিস দিয়ে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।
এই রিট আবেদনে বাদি পক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম রাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শিক্ষার্থীদের স্বার্থে এই মামলা করেছি। তাই তাদের সিদ্ধান্ত যদি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা হয় এবং সেটা যদি সঠিকভাবে বিজ্ঞপ্তি আকারে আসে। তাহলে আমরা মামলা প্রত্যাহার করব। মৌখিক কথার তো কোনো গুরুত্ব নেই।”
বিভক্ত আদেশ হওয়ায় বর্তমানে প্রধান বিচারপতির কাছে থাকা সম্পূরক আবেদনের বিষয়ে জিজ্ঞেস করলে ইউনুস আলী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেটা কোনো বিষয় নয়। মূল রিট প্রত্যাহার করলে সব প্রত্যাহার হয়ে যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭৪০ ঘ.
bdnews24