ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফেরানোর চেষ্টা এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে সোমবার সাংবাদিকদের সামনে আসতে পারেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার অ্যাসোসিয়েশন অব সেক্রেটারিজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনালস ইন এশিয়া প্যাসিফিকের (আশা) ২১তম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমি আগামীকাল সম্ভবত কথা বলতে পারি।”
এর আগে গত বুধ্বার এ বিষয়ে অর্থমন্ত্রীর বিবৃতি দেওয়ার কথা থাকলেও ওইদিন তা স্থগিত করা হয়।
সেদিন মুহিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, “আমার হাতে এখনো সময় রয়েছে। এরপর আমি কথা বলব।”
কোন কোন বিষয়ে কথা বলবেন জানতে চাইলে মন্ত্রী বলেন, ব্যাংক খাতের বিষয়টিও তার কথায় আসবে।
বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতার সব বাধা-বিপত্তি কেটে যাচ্ছে- অর্থমন্ত্রী গত সপ্তাহে এমন ইংগিত দিলেও ২৫ অগাস্ট একাধিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান শর্ত অনুযায়ী পদত্যাগে রাজি না হওয়ায় বিশ্ব ব্যাংকও অর্থায়ন করবে না।
এ বিষয়ে সাংবাদিকরা সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী।
গত বছর সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। তা পালন হয়নি জানিয়ে গত জুনে অর্থায়ন বাতিল করে তারা।
তবে অর্থায়ন বাতিলের পর এই প্রকল্প নিয়ে অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইনও ছুটিতে যান।
২৯০ কোটি ডলারে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। বাকি অর্থের বেশিরভাগ দেওয়ার কথা এডিবি, আইডিবি ও জাইকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১২১৫ ঘ.
bdnews24