সাভার, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা চেয়ে না পেয়ে সাভারে ছেলের কিল-ঘুষিতে বাবার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার দক্ষিণ দড়িয়ারপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী নিহতের ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে।
নিহত ইব্রাহিম মিয়া (৫৫) পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ডারদোর গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ দড়িয়ারপুর মহল্লায় ভাড়া বাসায় থাকতেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশাচালক দারাজ আলী (২৮) সন্ধ্যায় ৫-৬ বন্ধুকে নিয়ে দক্ষিণ দড়িয়ারপুরের বাসায় আসেন। তিনি বাবার কাছে ৩০ হাজার টাকা চান।
“ইব্রাহিম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, দারাজ বাবাকে এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ সময় স্থানীয়রা ছেলে দারাজ আলীকে আটক করে পুলিশে দেয় বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫৫ ঘ.
bdnews24