নেত্রকোনা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের এক বছর পর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার উজ্জ্বল মিয়ার (২২) কংকাল উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
কেন্দুয়ার দীঘলকুর্শা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে উজ্জ্বল ২০১১ সালের ১৩ অগাস্ট রাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
বুধবার (২৯ অগাস্ট) পুলিশ গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তার কংকাল উদ্ধার করে। শুক্রবার কংকাল উজ্জ্বলের বাড়ি নিয়ে দাফন করা হয়।
স্থানীয় কান্দিউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক কনক সাংবাদিকদের বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে উজ্জ্বলের কংকাল তার বাবা আব্দুর রাজ্জাক গাজীপুর হাসপাতাল মর্গ থেকে নিয়ে আসেন।
গাজীপুরের জয়দেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) ইকরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উজ্জ্বল তার দীঘলকুর্শা গ্রামেরই আব্দুর রাশিদের ছেলে হেলালসহ গাজীপুরে সাইনবোর্ড এলাকায় একটি ভাড়া করা বাসায় থেকে কুলিয়ারচর সোয়েটার কারখানায় চাকরি করতেন।
২০১১ সালের ১৩ অগাস্ট রাতে বাসা থেকে বের হয়ে উজ্জ্বল আর ফেরেননি। দু’দিন পর (১৫ অগাস্ট) হেলাল উজ্জ্বল নিখোঁজ হয়েছে জানিয়ে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ইউপি চেয়ারম্যান কনকের বরাত দিয়ে তিনি বলেন, উজ্জ্বল নিখোঁজের পর থেকেই হেলাল বাড়ি আসেননি। গত সোমবার (২৭ অগাস্ট) বাড়ি এলে গ্রামের লোকজন হেলালকে আটক করে কেন্দুয়া থানা পুলিশে দেয়। পরে জয়দেবপুর থানা পুলিশ তাকে নিয়ে যায়।
পরে হেলালের জবানবন্দী অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকার বাদে কলমেশ্বরের একটি ডোবা থেকে উজ্জ্বলের কংকাল উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।
পুরিশ কর্মকর্তা আরো বলেন, বুধবার (২৯ অগাস্ট) উজ্জ্বলের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে দীঘলকুর্শা গ্রামের হেলাল (৪৫), তার স্ত্রী জোৎস্না আক্তার (৪০), মোমেন মিয়া (৩০), আমিরুল ইসলাম (২৫) এবং মদন উপজেলার বালালী গ্রামের রিপনসহ (২৮) অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনকে আসামি করে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নারীঘটিত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৪ ঘ.
bdnews24