চট্টগ্রাম, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ এনে প্রতিদিন দেড় ঘণ্টা করে চট্টগ্রামের দুই বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
দুই বিচারক হলেন, চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এ বি এম নিজামুল হক এবং চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মাহাবুবুল আলম।
বুধবার দুপুরে সমিতির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী।
এসময় আইনজীবীরা আদালতে প্রতীকী অবস্থান ধর্মঘটও করবেন বলে তিনি জানান।
দেলোয়ার হোসেন বলেন, “জুলাই মাসের ১১ তারিখ আমাদের সভা থেকে তাদের সরে যাবার জন্য এক মাসের আলটিমেটাম দিয়েছিলাম। তারা সরে যাননি। এজন্য আমরা প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টা করে তাদের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”
সমিতির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এ সভায় সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক অশোক দাশের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মুজিবুল হক, অ্যাডভোকেট আকতার কবির, সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন দাশ সহ প্রায় ২৫ জন আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২১৪৬ ঘ.
bdnews24