ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই একটি মহল সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বুধবার বিকেলে ছায়ানট সাংস্কৃতিক ভবনে আয়োজিত বঙ্গবন্ধু মহিলা পরিষদ আয়োজিত ‘নারীর অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর স্বপ্ন-দর্শন’ শীর্ষক সভায় এ মন্তব্য করেন তিনি।
প্রধান বিরোধী দল বিএনপির নাম উলে¬খ করে সাহারা বলেন, বিচার বাধাগ্রস্ত করতেই গাড়ি পোড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর অফিসের সামনে বোমা মারা হচ্ছে।
ভবিষ্যতে যুদ্ধাপরাধীরা যাতে জাতীয় পতাকাবাহী গাড়ি আর ব্যবহার করতে না পারে সেজন্য সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
“এসব যুদ্ধাপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এইচএ/২১২৩ ঘ.
bdnews24