মাদারীপুর, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর)-মাদারীপুরে ভুল চিকিৎসার অভিযোগে এক ডাক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে।
মাদারীপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে বুধবার মামলাটি করেন সাপ্তাহিক আনন্দবাংলা পত্রিকার প্রকাশক শহীদুল কবির খোকন তালুকদার।
আসামি ডা. মোর্শেদুর রহমান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এবং মাদারীপুর শহরের নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর সুরজিৎ চ্যার্টাজী বাপ্পী বলেন, আদালত বিষয়টি আমলে নিয়ে সদর থানাকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ৩০ মার্চ বাম পায়ে চর্ম রোগ নিয়ে মাদারীপুর শহরের নিরাময় হাসপাতালে ডা. মোর্শেদুর রহমানের কাছে যান। তিনি সাত দিনের ব্যবস্থাপত্র দেন।
এরপর অবস্থার অবনতি হলে ১৩ এপ্রিল তিনি আবারো গেলে তাকে কিছু ওষুধ ও ইনজেকশন দেন। এতে তার শরীর ফুলে ওঠে এবং পায়ে পানি জমে।
অবস্থার আরো অবনতি হলে তিনি ঢাকার বারডেম হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় চার মাস চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন।
মামলার বাদী শহীদুল কবির খোকন তালুকদার বলেন, “মোর্শেদুর রহমানের রোগ সর্ম্পকে সঠিক ধারণা না থাকায় আমার আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে। তাই আমি চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছি।”
তবে ডা. মোর্শেদুর রহমান ভুল চিকিৎসার কথা অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৩০ ঘ.
bdnews24