ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকারের দেওয়া রুলিং ‘অকার্যকর ও আইনগত ভিত্তিহীন’ বলে দেওয়া হাই কোর্টের অভিমত রাষ্ট্রকে একটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুরঞ্জিত সেন গুপ্ত।
দেশের সংবিধান প্রণয়ন কমিটির এই সদস্য বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বলেছেন, “সবার কাছে যে বিষয়টি গ্রহণযোগ্যভাবে নিষ্পত্তি হয়েছিল, সেটাকে রিওপেন করে রাষ্ট্রকে একটি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে।”
“হঠাৎ করে বিষয়টি কেন আবার আদালতে আনা হল এটি আমার বোধগম্য নয়,” বলেন তিনি।
হাই কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে গত ১৮ জুন স্পিকারের দেওয়া রুলিং চ্যালেঞ্জ করে রিট আবেদনে ২৪ জুলাই রায় দেয় হাই কোর্ট, যা গত সোমবার পর্যবেক্ষণসহ প্রকাশিত হয়েছে।
আদালত রায়ের অভিমতে বলেছে, একজন বিচারকের সংবিধান লঙ্ঘনের অভিযোগ নিয়ে স্পিকারের দেওয়া রুলিংয়ের আইনগত কোনো ভিত্তি নেই এবং তা আইনের দৃষ্টিতে অস্তিত্বহীন।
স্পিকারের ওই অভিমতের ‘আইনগত কোনো কার্যকারিতা’ নেই বলেও আদালত জানায়।
সংসদ সদস্য সুরঞ্জিত বলেন, “সংবিধানের ৭৮ অনুচ্ছেদে সংসদ সদস্যদের প্রিভিলেজ (দায়মুক্তি) দেওয়া হয়েছে। জনস্বার্থে যে কোনো বিষয় নিয়ে সংসদে আলোচনা হতে পারে, তা আদালতে আসার বিষয় নয়। সংসদের মধ্যে আলোচনা নিয়ে কোনো প্রশ্ন তোলা বা হস্তক্ষেপেরও সুযোগ নেই।”
“যতদিন সংবিধানে ৭৮ অনুচ্ছেদ থাকবে ততদিন সংসদের কোনো কার্যক্রম আদালতে নিয়ে যাওয়া যাবে না। স্পিকারের রুলিং এ অনুচ্ছেদ মেনেই হয়েছে। আদালত এতে অবজারভেশন দেয় কীভাবে,” প্রশ্ন করেন এই মন্ত্রী।
আদালতের রায় অনাকাঙ্ক্ষিত বিতর্কের জন্ম দিয়েছে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, “আদালত এটাকে অবজারভেশন না দিয়ে রুল ইস্যু করতে পারত। সেক্ষেত্রে পার্লামেন্টের বক্তব্যও আদালতের শোনা উচিত ছিল।”
দেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রের ‘স্বার্থে’ বিষয়টি এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিষ্পত্তি করতে হবে, বলেন তিনি।
আগামী ৪ সেপ্টেম্বর সংসদ অধিবেশন শুরু হওয়ার দিকে ইঙ্গিত করে সুরঞ্জিত বলেন, “প্রতিটি ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। সেখানেও এ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া হতে পারে।”
স্পিকারকে নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মন্তব্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে সংসদে ওই রুলিং দেন স্পিকার।
গত ২৯ মে সংসদে দেওয়া স্পিকারের একটি বক্তব্যকে কেন্দ্র করে ওই বিতর্কের সূত্রপাত।
সুপ্রিম কোর্টের জমি ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার সেদিন বলেছিলেন, আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে।
এর প্রতিক্রিয়ায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ৫ জুন বলেন, স্পিকারের ওই বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল।
এরপর সংসদে বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে স্পিকার রুলিং দিলে এই আইনজীবী তা নিয়ে হাই কোর্টে রিট আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমডি/এমআই/১৪৩৩ ঘ.
bdnews24