খাগড়াছড়ি/রাঙামাটি/বান্দরবান, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি কমিশন আইন সংশোধনের প্রতিবাদ এবং পুলিশের কর্তৃত্ব জেলা পরিষদের হাতে না দেওয়ার দাবিতে পার্বত্যাঞ্চলের বাঙালি সংগঠনগুলোর ডাকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে তিন পার্বত্য জেলায়।
বুধবার সকালে এই কর্মসূচি শুরু হওয়ার আগের রাতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক আব্দুল মজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সমঅধিকার আন্দোলনের সঙ্গে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ বৃহস্পতিবার পর্যন্ত এই হরতাল ডেকেছে।
হরতালে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা শহরে দোকান-পাট বন্ধ রয়েছে। দূরপাল্লারসহ অভ্যন্তরীণ রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
নৌপথে রাঙামাটি ও বান্দরবান শহর থেকে যাত্রীবাহী কোনো লঞ্চও কোনো গন্তব্যে ছেড়ে যায়নি। দুপুর পর্যন্ত কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বাঙালি ছাত্র পরিষদের নেতা মজিদকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদ আইনের ৬২ ধারার (১) এর উপধারায় উল্লেখ রয়েছে, পুলিশের সাব-ইন্সপেক্টরসহ তার নিচের পদে জেলা পরিষদ নিয়োগ, বদলি ও শাস্তি দিতে পারবে। পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্য নিয়োগের ক্ষেত্রে পার্বত্য জেলার পাহাড়িরা অগ্রাধিকার পাবে।
পার্বত্যাঞ্চলে বসবাসরত বাঙালি সংগঠনগুলো এর বিরোধিতা করে আসছে।
সমঅধিকার আন্দোলনের বান্দরবান জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান মাস্টার সাংবাদিকদের বলেন, “সরকার ভূমি কমিশন আইন- ২০০১ এর কয়েকটি ধারা সংশোধন করায় পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ভূমি হতে উচ্ছেদ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
“বিতর্কিত পার্বত্য শান্তিচুক্তির অজুহাত দিয়ে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে পুলিশ বাহিনীকে পার্বত্য জেলা পরিষদের কাছে ন্যস্ত করা হয়েছে, যা সংবিধানের পরিপন্থী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.
bdnews24