২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিয়ানী থানার এসআই বরখাস্ত, ওসি বদলি

দায়িত্বে অবহেলার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার এক এসআইকে সাময়িক বরখাস্ত এবং ওসিকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

গোপালগঞ্জ, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার এক এসআইকে সাময়িক বরখাস্ত এবং ওসিকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশের এক বেতার বার্তায় এই শাস্তির কথা জানানো হয়। বরখাস্ত উপ-পরিদর্শক (এসআই) হলেন ফুল মিয়া এবং ওসি ওসি সৈয়দ মান্নান আলী। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু অপহরণ ও হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলা ও জনগণকে পুলিশের সেবা থেকে বঞ্চিত করার অপরাধে ওসিকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। এছাড়া শিশু অপহরণ ও হত্যার আসামি ছেড়ে দেওয়ায় এসআই ফুল মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ জুলাই শবেবরাতের রাতে কাশিয়ানীর বরাশুর গ্রামের ইতালি প্রবাসী মো. রোজাউল মোল্লার ছেলে কাশিয়ানী রেলওয়ে একতা কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান মাহফুজ নামাজ পড়তে গেলে অপহৃত হয়। ওই রাতেই তার মা স্বপ্না বেগমের কাছে ফোন করে অপহরণকারীরা ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। স্বপ্না বেগম অভিযোগ করেন, অপহরণের পরের দিন এসআই ফুল মিয়া অপহরণের মূল হোতা শামীম শেখকে আটক করে আবার ছেড়ে দেন এবং অন্য আসামিদের পালিয়ে যেতে সহায়তা করেন। কাশিয়ানী থানা পুলিশ নিস্ক্রিয় থাকায় অপহৃতকে জীবিত উদ্ধার করা যায়নি বলে স্বপ্না অভিয়োগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.