মুন্সীগঞ্জ, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের এক গৃহবধূ তার মেয়েকে নিয়ে মেঘনায় ঝাঁপিয়ে পড়েও মরতে পারলেন না।
সেনাবাহিনীর সদস্যরা মা-মেয়েকে উদ্ধার করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতু থেকে মেয়ে রূপাকে (৩) নিয়ে মেঘনায় ঝাঁপিয়ে পড়েন নাসিমা আক্তার (২৫)।
এ সময় মেঘনা সেতু সংস্কারের দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গজারিয়া থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গজারিয়া উপজেলার জমালদি গ্রামের গৃহবধূ নাসিমা শ্বশুরবাড়িতে ননদের ‘অত্যাচার’ সহ্য করতে না পেরে প্রায় এক কিলোমিটার দূরে মেঘনা সেতু উঠে মেঘনা নদীতে ঝাঁপ দেন।
এ সময় সেখানে সেতু সংস্কারের দায়িত্বে থাকা সেনা সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধার করেন। এ সময় নাসিমা জ্ঞান হারিয়ে ফেলেন এবং শিশুটির পেটে প্রচুর পানি ঢোকে।
এখন নাসিমাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24