ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিপিএ’র ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছুরা।
পরীক্ষা পদ্ধতি পুনর্বহালের দাবিতে মঙ্গলবার রাজধানীতে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে এই শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে মানববন্ধনের পাশাপাশি জাতীয় প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশও চলে।
বেলা পৌনে ১টার দিকে সংহতি সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। বুধবার সকাল ১০টায় মুখে কালো কাপড় বেধে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান ধর্মঘট আহ্বান করেছে তারা।
এদিকে চট্টগ্রামে মেডিকেলে ভর্তিচ্ছুদের কর্মসূচিতে বাধা ও সাত জনকে আটকের প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। এর প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ-মিছিল করে তারা।
মানববন্ধন থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষা পুনর্বহালের পাশাপাশি সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের আটকের প্রতিবাদও জানানো হয়।
ওই দিন শহীদ মিনারে শিক্ষার্থীদের সমাবেশে বাধা দেয় পুলিশ। সেখানে আট শিক্ষার্থীকে আটক করা হলেও পরে ছেড়ে দেয় পুলিশ।
মানববন্ধনে আন্দোলনরত শিক্ষার্থী তন্ময় সাহা বলেন, “মেডিকেল ও ডেন্টালে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নেওয়ার দাবি ন্যায়সঙ্গত। সে দাবি পূরণে শান্তিপূর্ণ আন্দোলনেরও অধিকার রয়েছে আমাদের। কিন্তু পুলিশ গতকাল কর্মসূচিতে বাধা দেওয়া ছাড়াও আমাদের আটজনকে আটক করে।”
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন না চালিয়ে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
সোমবার এ দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। তাতে জিপিএর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত বাতিল করে পরীক্ষা পদ্ধতি পুনর্বহালের দাবির পক্ষে ১৪টি যুক্তি তুলে ধরা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্যামলী শীল।
তিনি বলেন, “সরকার হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় তা হঠকারী সিদ্ধান্ত হয়েছে। এতে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
“এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীদের সময় দেওয়া উচিত ছিল। তাই অবিলম্বে জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বাতিল করে ভর্তি পরীক্ষা নেওয়া হোক।”
তাদের দাবি প্রতি ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকেও সমর্থন জানানো হয়।
এতদিন মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে পরীক্ষা হলেও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক চলতি মাসে জানান, এবার থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ’র ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সরকারের এ সিদ্ধান্তের পরপরই আন্দোলন শুরু করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ‘মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী মঞ্চ’ ব্যানারে কর্মসূচি চালাচ্ছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৩১১ ঘ.
bdnews24