ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জহির আহমেদের পদত্যাগপত্র গ্রহণ করে কয়েকদিনের মধ্যে নতুন বিচারক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন জহির আহমেদ। সাবেক এই জেলা জজ ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করেছেন। তার পায়ে সমস্যা রয়েছে। চিকিৎসকরা তাকে ওঠানামা না করাসহ বিশ্রামে থাকতে বলেছেন।”
বিচারপতি মো. নিজামুল হক নেতৃত্বাধীন প্রথম ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব পালন করছিলেন জহির আহমেদ। তিন সদস্যের ওই ট্রাইব্যুনালে এখন বিচারক থাকলেন দুজন। অন্যজন হলেন বিচারপতি আনোয়ারুল হক।
জহির আহমেদের শূন্যস্থানের বিষয়ে আইনমন্ত্রী বলেন, “দুই-এক দিনের মধ্যেই ওই ট্রাইব্যুনালে নতুন বিচারক নিয়োগ দেওয়া হবে।”
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন বিচারক সদস্য ছিলেন তিনজন।
বিচার ত্বরান্বিত করতে পরে আরো তিনজনকে নিয়োগ দিয়ে দুটি ট্রাইব্যুনাল করা হয়। বিচারপতি ফজলে কবীর প্রথম ট্রাইব্যুনালে থাকলেও তখন তাকে দ্বিতীয় ট্রাইব্যুনালের প্রধান করা হয়। তার শূন্যস্থানে বিচারপতি নিজামুল হক ও জহির আহমেদের সঙ্গী হন বিচারপতি আনোয়ারুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24