২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে গ্যাস নির্গমনের স্থান পরিদর্শন বাপেক্স কর্মকর্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নলকূপ দিয়ে গ্যাস নির্গমনের স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বাপেক্সে) কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নলকূপ দিয়ে গ্যাস নির্গমনের স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বাপেক্সে) কর্মকর্তারা। সোমবার দুপুরে মেঘনা নদী বেষ্টিত প্রত্যন্ত চরাঞ্চল মধ্যচরহোগলা গ্রামের রব ইসলামের নলকূপটি পরিদর্শনকালে বাপেক্সের ব্যবস্থাপক (জিওলজি) রেজাউল হালিম বলেন, “এখানে গ্যাস পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গ্যাসসহ অন্যান্য আলামত সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে।” এসময় সেখানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও বাপেক্সের সহকারী ব্যবস্থাপক লতিফুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মধ্যচরহোগলা গ্রামের রব ইসলামের বাড়ির নলকূপ থেকে গত প্রায় একমাস ধরে গ্যাস নির্গমন হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে আগ্রহ দেখা দেয়। পরে তারাই বিষয়টি জেলা প্রশাসনকে জানান। রেজাউল হালিম সাংবাদিকদের বলেন, যদি মাটির নিচে এমনিতে গ্যাস জমা থাকে তাহলে তা কিছুদিন পরই শেষ হয় যায় সচরাচর। কিন্তু যেহেতু এখানে এক মাস ধরে অবিরত গ্যাস বের হচ্ছে, সেহেতু এখানে গ্যাস পাওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্গত গ্যাসে আগুন ধরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে যদি প্রাকৃতিকভাবে মজুদ গ্যাস থাকে তাহলে তা জ্বলতেই থাকবে। আর যদি জমানো গ্যাস হয় তাহলে তা শেষ হয়ে যাবে। নলকূপটির চারদিকে সিমেন্টের পাকা দেয়াল নির্মাণের কথাও বলা হয়েছে বলে জানান বাপেক্স কর্মকর্তা। তিনি আরো বলেন, গ্যাস-মাটিসহ অন্যান্য আলামত সংগ্রহ করে নেওয়া হয়েছে। সাত দিনের মধ্যেই ফলাফল পাওয়া যাবে। তারপরই অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২১৯ ঘ.