গাজীপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে রোববার এক তৈরি পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভাংনাহাটি এলাকা থেকে উদ্ধার নিহত শুকুর আলী (২৫) উপজেলায় উজিলাব গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।
তিন মাস আগে তিনি কিশোরগঞ্জের হোসেনপুর থানার জিনারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে রিজিয়া খাতুনকে (২০) বিয়ে করেন। স্বামী-স্ত্রী দুজনেই ছিলেন ভাংনাহাটি এলাকার স্কয়ার স্পিনিং মিলসের শ্রমিক।
শ্রীপুর থানার উপ- পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম রিজিয়ার বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, শুকুর ও রিজিয়া নিজেদের পছন্দে বিয়ে করায় শুকুরের পরিবার মেনে নেয়নি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান ছিল।
শনিবার রাতে এ নিয়ে তাদের কথা হয়। রাতে খাবার সেরে দুজই ঘুমিয়ে পড়েন। সকালে রিজিয়া ঘুম থেকে উঠে ঘরে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান।
“শুকুরের দু’হাত শাড়ি দিয়ে বাঁধা ছিল। রিজিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে,” বলেন এসআই।
লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯০৯ ঘ.
bdnews24