ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধকালীন পাক আর্মি ও তাদের দোসরদের হাতে ধর্ষণের শিকার বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি জানিয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
এসব নারীদের অবদানের স্বীকৃতিস্বরুপ একটি স্মৃতিস্তম্ভ ও আর্কাইভ প্রতিষ্ঠারও দাবি জানান তিনি।
শনিবার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এক সেমিনারে সেলিনা হোসেন এ দাবি জানান।
রিসার্চ ইনিশিয়েটিভ অ্যান্ড ডেভেলপমেন্ট ও ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ‘ভায়োলেন্স অন উইমেন অ্যান্ড রিকন্সট্রাকশন অব ভ্যালুজ পার্সপেকটিভ ১৯৭১’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সেলিনা হোসেন বলেন, “মুক্তিযুদ্ধে এইসব নির্যাতিত নারীদের যে অবদান এটাকে অস্বীকার করা কোনো জাতির পক্ষে মর্যাদাকর হতে পারে না।”
সেমিনারে বলা হয়, মুক্তিযুদ্ধে এরকম নির্যাতিত নারীর সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৬০ হাজার জন।
‘বীরাঙ্গণা’দের রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে কোনো সরকারই এগিয়ে আসেনি- অভিযোগ করে সেলিনা বলেন, “স্বাধীনতা পরবর্তী এই ৪১ বছরে যারা রাষ্ট্র বা সরকার পরিচালনা করেছেন এ দায়িত্ব ছিলো তাদেরই।”
সেলিনা হোসেনের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর মুসা।
অন্যদেরম মধ্যে বক্তব্য রাখেন শিশু হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রের প্রশাসক সাঈদা জামান, কবি কাজী রোজী ও সাংবাদিক নাইমুল ইসলাম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২১২৫ ঘ.
bdnews24