কিশোরগঞ্জ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় শুক্রবার এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলম মিয়া ওরফে সবুজ (৩০) উপজেলার সরারচরের প্রয়াত মাহতাবউদ্দিনের ছেলে।
বাজিতপুর থানার ওসি আমজাদ হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, ঈদের পরদিন মঙ্গলবার রাতে সরারচর বাজারে গিয়ে আর ফেরেননি।
এ ব্যাপারে তার স্ত্রী হ্যাপী আক্তার বৃহস্পতিবার বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে সরারচর ইউনিয়নের নূরপুর মাঠের কাছে সিংধা বিলে তার বস্তাবন্দি লাশ দেখে এলকাবাসী পুলিশে খবর দেয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেছে। লাশের মাথা ও হাত-পা পাওয়া যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
সবুজ ঢাকা থেকে প্রকাশিত রাজধানী বার্তা পত্রিকার সম্পাদক ফারুক আহম্মদের ছোট ভাই। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪০ ঘ.
bdnews24