২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে হত্যা কমে এসেছে, বললেন বিজিবি প্রধান

বিজিবি ও বিএসএফের যৌথ তৎপরতায় সীমান্তে হত্যা কমে এসেছে বলে মন্তব্য করেছেন সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

সিলেট, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিবি ও বিএসএফের যৌথ তৎপরতায় সীমান্তে হত্যা কমে এসেছে বলে মন্তব্য করেছেন সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন। তিনি বলেছেন, “সীমান্তে হত্যা মোটেই গ্রহণযোগ্য নয়। হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ একযোগে কাজ করছে, ফলে হত্যার ঘটনা অনেক কমে এসেছে।” বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের তামাবিলে দেশের প্রথম সীমান্ত সম্মেলন কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির শীর্ষ কর্মকর্তা। সীমান্তে বাংলাদেশি হত্যাকা-ের জন্য বিএসএফের ব্যাপক সমালোচনা রয়েছে। বাংলাদেশের বারংবার প্রতিবাদ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মধ্যে বিএসএফ সদস্যদের এমন অস্ত্র দেওয়া হচ্ছে, যা প্রাণঘাতী নয়। তবে এর পরও হত্যাকা- পুরোপুরি থামেনি। বিজিবি মহাপরিচালক বলেন, কেউ যাতে অবৈধভাবে ভারতে যেতে না পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি-বিএসএফ যৌথ টহল শুরু করেছে বলেও জানান তিনি। সীমান্ত এলাকায় মাদক সমস্যা ও চোরাচালান বন্ধে জনগণকে উদ্বুদ্ধ করতে উন্নয়নমূলক কাজও বিজিবি শুরু করেছে বলে জানান মেজর জেনারেল আনোয়ার। তিনি বলেন, এলজিইডির তত্ত্বাবধানে পঞ্চগড় থেকে নীলডুমুর পর্যন্ত সীমান্ত এলাকায় ৯৩৬ কিলোমিটার সড়ক নির্মাণ করছে বিজিবি। এ বছরই কাজ শুরু হবে। এছাড়া সীমান্ত এলাকায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে বিজিবির চিকিৎসকরা। তামাবিলে যে সম্মেলন কেন্দ্র বিজিবি প্রধান উদ্বোধন করেছেন, তা টিলাঘেরা ১ দশমিক ৭৪ একর জায়গায় কয়েকটি ভবন নিয়ে গড়ে উঠেছে। দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কেন্দ্রটি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। থাকতে পারবেন পর্যটকরাও। এ কেন্দ্র থেকে পর্যটকরা ভারতের মেঘালয়ে পাহাড় এবং এর ওপর মেঘ-বৃষ্টি-রোদের খেলা দেখতে পাবেন খুব সহজেই। বিজিবি মহাপিরচালক জানান, সম্মেলন কেন্দ্রের আয় থেকে অসহায়-দরিদ্র বিজিবি সদস্যদের সহায়তা প্রদান করা হবে। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালকের স্ত্রী কুমকুম আনোয়ার, বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল খায়রুজ্জামান ও বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২২৪১ ঘ.