২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রেন হবে পতাকার রঙে’

রেলগাড়ির রঙ পরিবর্তন করে পতাকার রঙে করার চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

চট্টগ্রাম, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলগাড়ির রঙ পরিবর্তন করে পতাকার রঙে করার চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী টিকিট কাউন্টার ও অপেক্ষাগার পরিদর্শন ছাড়াও রেলযাত্রীদের সঙ্গে কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রেলে লোকবল সঙ্কট রয়েছে। এটা কেটে গেলে রেলের সেবা আরো উন্নত হবে এবং শৃঙ্খলা ফিরে আসবে। রেলে ১২ হাজার লোকবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এর মধ্যে মাত্র ১৬শ’ নিয়োগ দেওয়া হয়েছে। রেলের সেবার মান উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, রাতারাতি কিছু করা যাবে না। ইঞ্জিন বগি সবই পুরনো। ৫০০টি ইঞ্জিন দরকার, রয়েছে মাত্র ২৯৫টি। এর মধ্যে ৪৩টি আবার অকেজো। তিনি আরো বলেন, “রেল লোকসান দিচ্ছে। তবে এখন যে ধারা চলছে তা অব্যাহত থাকলে আগামী দুই বছরের মধ্যে রেল লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।” সারা দেশের রেলক্রসিংগুলো সম্পর্কে মন্ত্রী বলেন, “আড়াই হাজার রেল ক্রসিংয়ের মধ্যে ১১শ’টি অবৈধ। এর মধ্যে মাত্র ৩৭৫টিতে লোকবল রয়েছে।” সকালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে আসেন রেল ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের সংস্কার কাজও পরিদর্শন করেন তিনি। সড়কটি সম্পর্কে মন্ত্রী বলেন, “রাস্তাটি চার লেইন করার চিন্তা-ভাবনা ছিল। তবে এটি করতে গেলে জমি অধিগ্রহণের মতো জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়। তাই রোডস অ্যান্ড হাইওয়ের জায়গার মধ্যেই সড়কটি প্রশস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” আগামী বছর এপ্রিলের মধ্যে সড়ক ও জনপথের আওতাধীন ২২ হাজার কিলোমিটার সড়ক সংস্কার করা হবে বলেও তিনি জানান। রেল স্টেশন থেকে মন্ত্রী চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “বিআরটিএ আগে দুর্নীতির আখড়া ছিল। এখন দুর্নীতি ৫০ শতাংশ কমে গেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমডি/এমআই/১৯২৫ ঘ.