বরিশাল, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানারীপাড়ায় ‘ভুতের আছর’ ছাড়ানোর জন্য গ্রামের তান্ত্রিকের কথায় পুকুরের পানিতে চুবানোর পর এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার গভীর রাতে সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দের হাওলা গ্রামে চার দফায় পুকুরের পানিতে চুবানোর পর অমল হালদার (২৬) নামে ওই যুবক মারা যান।
অমলের মৃত্যুর পর তার বাবা থানায় মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে তান্ত্রিক তার পরিবার নিয়ে পালিয়েছে।
নিহত অমল উদয়কাঠী ইউনিয়নের পূর্ব তেতলা গ্রামের দুলাল হালদারের ছেলে। এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন তিনি।
বানারীপাড়া থানার ওসি আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অমলকে হত্যার অভিযোগ এনে বৃহস্পতিবার চারজনকে আসামি করে মামলা করেছেন দুলাল হালদার।
মামলার আসামিরা হলেন- তান্ত্রিক সুকীর্তি চন্দ্র রায় (৬০), তার ছেলে হরিদাস রায় (৩০), মেয়েজামাই সুভাষ হালদার (৩৫) ও ভক্ত কুমার (৩৮)। এরা সবাই ইন্দের হাওলা গ্রামের বাসিন্দা।
ওসি জানান, জ্বরে আক্রান্ত অমলকে বুধবার সুকীর্তি রায়ের কাছে নেওয়া হয়। সুকীর্তি জানান, অমলকে ভুতে ধরেছে। ভুতের আছর ছাড়াতে তাকে পুকুরের পানিতে ৪০১টি চুবানি দিতে হবে।
বুধবার রাত ১২টার পরে অমলকে পুকুরের পানিতে নামানো হয়। চার দফায় ২২৪ বার পানিতে চুবানির পর অমলের মৃত্যু হয় বলে মামলায় বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯০০ ঘ.
bdnews24