২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের ওপর হামলার প্রতিবাদ

ঈদের দিন বিকালে ঝালকাঠির কলেজছাত্র লিমন ও তার মায়ের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানবাধিকার কর্মী, আইনজীবীসহ দেশের ৪২ জন পেশাজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 11:18 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাষ্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন বিকালে ঝালকাঠির কলেজছাত্র লিমন ও তার মায়ের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানবাধিকার কর্মী, আইনজীবীসহ দেশের ৪২ জন পেশাজীবী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা আখ্যায়িত করে তা তুলে নেওয়ারও দাবি জানানো হয়। এছাড়া তার পরিবারকে হয়রানি না করে নিরাপত্তা দেওয়ারও দাবি জানানো হয়। ঈদের দিন বিকালে হামলার শিকার হওয়ার পর পরিবার ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত আবেদন করেন র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো লিমন হোসেন। ২০ অগাস্ট বিকালে গ্রামের বাড়ি থেকে পিরোজপুরের ভাড়া বাড়িতে ফেরার সময় রাব্যেও ‘সোর্স’ ইব্রাহিমের নেতৃত্বে কয়েকজনের হামলার বিষয়টিও উল্লেখ করেছেন লিমন। ওই হামলায় লিমনের মা হেনোয়ারা বেগমও আহত হন। ২০১১ সালের ২৩ মার্চ রাজাপুরে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত হন লিমন। পরে তার একটি পা কেটে ফেলতে হয়। ওই ঘটনায় তিনটি মামলা হয়। লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। আর র‌্যাবের বিরুদ্ধে একটি মামলা করেন লিমনের মা হেনোয়ারা বেগম। লিমনের মায়ের করা ওই মামলায় র‌্যাবকে ‘নির্দোষ’ দেখিয়ে গত ১৪ অগাস্ট চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। বিবৃতিতে লিমনের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলাকে বানোয়াট উল্লেখ করে তা তুলে নেওয়ার দাবি জানানো হয়। বিবৃতিদাতারা মনে করেন, লিমনের মায়ের দায়ের করা মামলায় র‌্যাবকে নির্দোষ দেখিয়ে পুলিশ ১৪ই আগস্ট ২০১২ যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় তা ইব্রাহিম বাহিনীর আμমণে উসকানি হিসেবে কাজ করেছে। বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, “রাষ্ট্রীয় বাহিনীর অপকর্মকে ঢাকতে লিমনের প্রতি সুবিচার নিশ্চিত করার পরিবর্তে রাষ্ট্রের অমানবিক ও অন্যায় আচরণের নানাবিধ তৎপরতা অব্যাহত থেকেছে যা লিমন ও তার পরিবারের জীবনকে অস্থিতিশীল ও সংকটাপন্ন করে রেখেছে।” বিবৃতিতে স্বাক্ষর করেন আইন ও সালিশ কেন্দ্রের হামিদা হোসেন, নারী আন্দোলন কর্মী শিরীন হক, উন্নয়ন কর্মী খুশী কবির, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গীতিআরা নাসরিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক আনু মুহাম্মদ, সাঈদ ফেরদৌস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাদাফ নূরে এসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন, শিশু বিশেষজ্ঞ ড. নায়লা জামান, নারী নেত্রী ফরিদা আক্তার, শিল্পী অরূপ রাহী, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার সারা হোসেন, লেখক ও কলামিস্ট রেহনুমা আহমেদ, আলোকচিত্রী শহিদুল আলমসহ দেশের ৪২ জন নাগরিক। এদিকে, বৃহস্পতিবার ঝালকাঠী জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে লিমনের মা হেনোয়ারা বেগম ও বড় ভাই সুমন হোসেনসহ ১০ জনকে আসামি করা হয়েছে একটি হত্যা মামলা দায়ের করেছে র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহিম হাওলাদার। মামলায় ইব্রাহিম তার শ্যালক ফোরকান হাওলাদারকে হত্যার অভিযোগ এনেছেন। হাকিম নুসরাত জাহান অভিযোগ তদন্ত করে রাজাপুর থানা পুলিশকে প্রতিবেদন দিতে বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৭০১ ঘ.