ঝালকাঠী, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীতে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো কলেজছাত্র লিমন হোসেনের বাবা, মা ও ভাইসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন র্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহিম হাওলাদার।
বৃহস্পতিবার ঝালকাঠী জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে করা এই মামলায় ইব্রাহিম তার শ্যালক ফোরকান হাওলাদারকে হত্যার অভিযোগ এনেছেন, যিনি তিন দিন আগে মারা যান।
মামলায় লিমনের বাবা তোফাজ্জেল আকন, মা হেনোয়ারা বেগম ও বড় ভাই সুমন আকনকে প্রধান আসামি করা হয়েছে।
হাকিম নুসরাত জাহান অভিযোগ তদন্ত করে রাজাপুর থানা পুলিশকে প্রতিবেদন দিতে বলেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাদির আইনজীবী মো. ফারুক হোসেন খান।
ইব্রাহিমের বিরুদ্ধে লিমনের মায়ের সাধারণ ডায়েরি (জিডি) এবং নিরাপত্তা চেয়ে থানায় লিমনের আবেদনের পরই এই মামলা হল।
ঈদের দিন বিকালে লিমন ও তার মায়ের ওপর হামলার অভিযোগে ইব্রাহিমের বিরুদ্ধে মঙ্গলবার রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হেনোয়ারা বেগম।
ওই হামলার কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ইব্রাহিমের শ্যালক ফোরকানের (৩৫) লাশ উদ্ধার করা হয়। তার লাশের ময়নাতদন্তও হয়েছে।
লিমনের ভাই ও তার আত্মীয়-স্বজনদের হামলায় ফোরকান মারা গেছেন দাবি করে ইব্রাহিমের স্ত্রী লিলি বেগম মঙ্গলবার থানায় একটি অভিযোগ করলেও পুলিশ তা অপমৃত্যু মামলা হিসাবে গ্রহণ করে।
আদালতে করা ইব্রাহিমের মামলার অন্য আসামিরা হলেন- লিমনদের এলাকার সাবেক চেয়ারম্যান হেমায়েত হোসেন নূরু, লিমনের মামা মো. ছিদ্দিক হোসেন, নৈকাঠী গ্রামের মো. সুমন সিকদার, সাতুরিয়ার মো. মোতালেব, ওই এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দার, সাতুরিয়ার মো. শাহিন ও নৈকাঠী গ্রামের ফিরোজ জমাদ্দার।
এছাড়া নাম না জানা আরো তিন থেকে চারজন হামলায় জড়িত ছিল বলে মামলায় বলা হয়েছে।
ইব্রাহিম মামলায় অভিযোগ করেন, আসামিরা পরিকল্পিতভাবে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের মাধ্যমে ফোরকানকে হত্যা করেছে।
ঈদেও দিনে বিকালের ঘটনার পর লিমন ও তার মাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সময়ে হাসপাতালে ভর্তি হন ইব্রাহিমও। তিনি লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা মামলার ১৭ নম্বর সাক্ষী।
হত্যা মামলার কথা শুনে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হেনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুুলিশ র্যাবকে নির্দোষ উল্লেখ করে ফাইনাল রিপোর্ট দিছিল, হের বিরুদ্ধে ঈদের পর আমার নারাজি দেওয়ার কথা। হেইয়া যাতে না দেতে পারি, তাই আমাগো বিরুদ্ধে এহন মিথ্যা মামলা দেওয়া হইছে।”
গত বছরের মার্চে ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে কথিত বন্দুকযুদ্ধে লিমন আহত হওয়ার পর হেনোয়ারা বেগম র্যাবের বিরুদ্ধে সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেন। কয়েকদিন আগে ওই মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে।
মামলার প্রতিক্রিয়ায় লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজার প্রথম সপ্তাহ থেকেই বাবা (তোফাজ্জেল আকন) ঢাকায় আছেন। তিনি এলাকায়ই আসেনি। গ্রামবাসী সবাই এ কথা জানেন। তাকেও এ মামলায় আসামি করা হয়েছে।”
“আমাদের বিরুদ্ধে আর কত মিথ্যা মামলা হবে? আর কত হয়রানি হব আমরা,” প্রশ্ন করেছে বর্তমানে পঙ্গু এই তরুণ।
লিমন আহত হওয়ার পর দেশের মানবাধিকার সংগঠনগুলো র্যাবের তীব্র সমালোচনা করে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও এ নিয়ে উষ্মা প্রকাশ করেন। ঢাকায় হাসপাতালে লিমনকে দেখতেও যান তিনি।
ঈদের বিকালের ঘটনার পর লিমন ও তার মাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সময়ে হাসপাতালে ভর্তি হন ইব্রাহিমও। তিনি লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা মামলার ১৭ নম্বর সাক্ষী।
এদিকে লিমন নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বুধবার রাজাপুর থানায় একটি লিখিত আবেদন করেন। এতে তিনি র্যাবের সোর্স পরিচয়দানকারী মো. ইব্রাহিম হাওলাদার, নান্নু হাওলাদার, মানিক জমাদ্দার, মুনসুর জমাদ্দার ও বাদশা হাওলাদারের কাছ থেকে হামলার শঙ্কার কথা জানান।
র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হওয়ার পর একটি পা কেটে ফেলতে হয় লিমনের। এরপর থেকে নিজের গ্রাম সাতুরিয়ায় থাকে না লিমনের পরিবার। পাশের জেলা পিরোজপুরের কাউখালীতে একটি ভাড়া বাড়িতে থাকে তারা।
গত ২০ অগাস্ট বিকালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন লিমন। সেখান থেকে পিরোজপুরের ভাড়া বাড়িতে ফেরার সময় ইব্রাহিমের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর হামলা চালায় বলে লিমনের অভিযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৬ ঘ.
bdnews24