ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে নিজের বাসায় দুর্বৃত্তদের ছুরিতে খুন হয়েছেন বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই (৪৮)।
বনানী থানার ওসি (তদন্ত) মইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোররাতে মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।
“দুর্বৃত্তরা দোতলার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ডা. নিতাইকে ছুরি মারে। রক্তাক্ত অবস্থায় ভোরে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি জানান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় নেতা নিতাইয়ের স্ত্রী ডা. লাকী চৌধুরী ছুটিতে চট্টগ্রামে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে তিনি ঢাকার বাসায় পৌঁছান। রাতে ঘটনার সময় বাসার নিচতলায় ছিলেন কেবল নিতাইয়ের বৃদ্ধ মা মঞ্জু দত্ত।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিল। তবে ডা. নিতাই টের পেয়ে যাওয়ায় তারা তাকে ছুরি মেরে পালিয়ে যায়।
প্রায় ৮০ বছর বয়সী মঞ্জু দত্ত সাংবাদিকদের বলেন, ঘর থেকে পাঁচ লাখ টাকা ও ৩০ ভরির মতো সোনার গহনা খোয়া গেছে।
তবে নিতাইয়ের শ্যালক সুরাস চৌধুরী অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যা।
তিনি দাবি করেন, “তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ নিয়ে কিছুদিন ধরে বক্ষব্যাধি হাসাপাতালে সমস্যা চলছিল। একজন চিকিৎসক ও তার সাঙ্গপাঙ্গরা প্রায়ই তাকে হুমকি দিতেন।”
অবশ্য হুমকি পাওয়ার বিষয়ে নিতাই কখানো কিছু বলেননি বলে জানান বক্ষব্যাধি হাসপাতালের সুপার ডা. বশির আহম্মেদ।
তিনি সাংবাদিকদের বলেন, “গত ১ অগাস্ট তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে ৫৫ জনকে নিয়োগ দেওয়া হয়। নিতাইয়ের ভাই গৌতম ও তার স্ত্রী কর্ণা দাসও নিয়োগ পান।”
বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকার নৈশ্য প্রহরী আবদুর রউফ সাংবাদিকদের জানান, ভোরে ডা. নিতাইয়ের মায়ের চিৎকার শুনে ওই বাসার দ্বিতীয় তলায় যান তিনি। সেখানে নিতাইকে দেখতে পান রক্তাক্ত অবস্থায়।
তিনি বলেন, “স্যারের মুখ লুঙ্গি দিয়ে মুড়ানো ছিলো। লুঙ্গি মুখ থেকে সরানোর পর স্যার বললেন, ডাক্তার আন। আর কোনো শব্দ করেননি স্যার।”
রউফ জানান, এই এলাকার জন্য ১৭ জন নিরাপত্তাকর্মী থাকলেও রাতে কোয়ার্টারের সামনে কেউ ‘ডিউটি’ নিতে চান না। কারণ সন্ত্রাসীরা প্রায়ই নিরাপত্তাকর্মীদের ধাওয়া করে।
“আমি বৃদ্ধ মানুষ; তাই সবাই আমাকে ওইখানে ডিউটি করতে বলে।”
ময়নাতদন্ত শেষে দুপুর ২টার দিকে নিতাইয়ের মরদেহ তার বাসার সামনে নেওয়া হয়। চট্টগ্রামের বাঁশখালীর কালিপুরে গ্রামের বাড়িতে তার শেষকৃত্য হবে বলে সুরাস জানান ।
তিনি বলেন, বালুয়ার দিঘির পাড়ের মহাশ্মশানে নিতাইয়ের দাহ হবে।
এ ঘটানায় পুলিশ সাইদুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বলে বনানীর ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/১০৪০ ঘ.
bdnews24