বরিশাল, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শহরের একটি আবাসিক হোটেল থেকে ধর্ষণের শিকার অষ্টম শ্রেণী পড়–য়া এক ছাত্রীকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই হোটেলের এক কর্মচারীকে।
মহানগর ডিবি পুলিশের উপ-পরিদর্শক ইরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর নথুল্লাহবাদ এলাকার আবাসিক হোটেল পুলবাগের কর্মচারী জীবনানন্দ হালদার ওরফে সুজন (২৫) সদর উপজেলার হিজল তলা গ্রামের সুনীল হালদারের ছেলে। আর ঘটনাটি ঘটে পাশের তুহিন হোটেলে।
সুজনের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মহানগরের বিমান বন্দর থানায় একটি মামলা করেছেন ওই ছাত্রীর মা।
বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা ও তার জবানবন্দি নেওয়ার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ইরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলবাগ হোটেলের কর্মচারী সুজন মোবাইল ফোনে প্রেমের কথা বলে ভুলিয়ে মঙ্গলবার ওই ছাত্রীকে পাশের তুহিন হোটেলে নিয়ে ধর্ষণ করে।
পরে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং সুজনকে আটক করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
ছাত্রীর মাকে খবর দিয়ে থানায় নেওয়া হলে তিনি ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩১০ ঘ.
bdnews24