চট্টগ্রাম, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টির কারণে ঈদের বিকেলটা ঘরে বসে কাটাতে হলেও মঙ্গলবার পতেঙ্গা সমুদ্র সৈকতসহ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমেছিল দর্শনার্থীদের।
নগরীর নন্দনকানন থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে ছুটে এসেছিলেন লিপি, শারমিন ও তাদের বান্ধবীরা।
লিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৈকতে এলে মনটাই ভাল হয়ে যায়। সমুদ্র সৈকতে বেড়ানো ছাড়া ঈদের আনন্দ যেন পূর্ণ হয় না।”
সোমবার ঈদের দিনই সৈকতে বেড়ানোর ইচ্ছা থাকলেও বৃষ্টির কারণে পারেননি বলে জানালেন শারমিন।
তাদের মতো হাজার হাজার তরুণ-তরুণী আর বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় মঙ্গলবার মুখরিত হয়ে ওঠে পতেঙ্গা সমুদ্র সৈকত। তবে সাগর উত্তাল থাকায় পানিতে নামতে না পেরে সাধ পূর্ণ হলো না কারো কারো।
চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে আসা রাজিব বলেলেন, “এখন জোয়ার। আর সাগর উত্তাল। ইচ্ছে চিল পানিতে নামব। কিন্তু হলো না।”
মূল সৈকত ছাড়াও সন্ধ্যা পর্যন্ত জমজমাট ছিল নেভাল একডেমি সংলগ্ন কর্ণফুলী মোহনা। রাস্তার দু পাশে সারি সারি গাড়ির বহর আর বাঁধের ওপর বসে আড্ডায় মেতেছেন নানা বয়সী দর্শনার্থীরা।
এদিকে সকাল থেকে কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক আর চিড়িয়াখানাতেও ছিল দর্শনার্থীদের ভিড়। ফয়’স লেকের ওয়াটার কিংডমে জলোৎসবে মেতেছিলেন কিশোর-তরুণেরা।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জহিরুল ইসলাম পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে এসেছিলেন চান্দগাঁও স্বাধীনতা পার্কে।
তিনি বলেন, “এখানে এলে বিনোদনের পাশাপাশি দেশের ইতিহাস সম্পর্কেও শিশুরা ধারণা পাবে।”
জাতীয় সংসদ, আহসান মঞ্জিল, জাতীয় স্মৃতি সৌধসহ বিভিন্ন জাতীয় ও ঐতিহাসিক স্থাপনার প্রতিকৃতি রয়েছে এই পার্কে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/জেকে/২১১৯ ঘ.
bdnews24