আনছার হোসেন, বদরুল ইসলাম মাসুদ ও সঞ্জয় কুমার দাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
কক্সবাজার/বান্দরবান/পটুয়াখালী, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকে কেন্দ্র করে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে ছুটে এসেছেন পাহাড় আর সাগরের কোলে ।
কক্সবাজার, বান্দরবান আর পটুয়াখালীর বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের পরদিন মঙ্গলবার ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এদিনও দেশের বিভিন্ন স্থান থেকে বাস, প্রাইভেটকার আর মাইক্রোবাসে করে পর্যটকদের আসতে দেখা গেছে এই তিন জেলায়।
পর্যটক টানতে কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালীর হোটেল ও মোটেলগুলোতে লেগেছে রঙয়ের ছোঁয়া। পাশাপাশি করা হয়েছে আলোকসজ্জাও।
তবে বৃষ্টি আর ‘মন্দার’ কারণে এবার ব্যবসা ‘একটু কম’ হতে পারে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।
কক্সবাজার
কক্সবাজার সমুদ্র সৈকত, ইনানী সৈকত, হিমছড়ি ঝর্ণা, মহেশখালীর আদিনাথ মন্দির, সেন্টমার্টিন দ্বীপ ও টেকনাফই পর্যটকদের বেশি টানছে। এখানকার ব্যবসায়ীরাও প্রস্তুতি নিয়েছিলেন আগে থেকেই।
কক্সবাজার গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবছর ঈদের দিন থেকে পরের চারদিন কক্সবাজারে ৫ থেকে ১০ লাখ পর্যটক আসেন। তবে এবার হয়তো ততোটা হবে না।
একই সুর শোনা গেল সুগন্ধা গেস্ট হাউসের ব্যবস্থাপক রহমত উল্লাহর কণ্ঠেও।
তিনি বলেন, প্রতিবছর রমজান মাসেই হোটেল-মোটেলগুলো অগ্রিম বুক হয়ে যায়। এবার তেমন হচ্ছে না। অধিকাংশ হোটেলেই কক্ষ ভাড়া হওয়ার হার অন্যান্য বছরের তুলনায় কম।
“তবে অনেকে আসার পর বুকিং দেন। কিছু হোটেল ভাল অগ্রিম বুকিং পেয়েছে”, বলেন রহমত উল্লাহ।
কক্সবাজারের হোটেল মালিকদের নেতা নুরুল আবছার এবং কক্সবাজার টুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরওয়ার আজম মানিক মনে করেন, পর্যটন কেন্দ্রগুলোতে পৌঁছানোর রাস্তাঘাট খুব একটা ভাল নয়। প্রশাসন এদিকে নজর দিলে ভাল ব্যবসা হতো।
কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, যে সব এলাকায় পর্যটকদের ভিড় বেশি সেসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বান্দরবান
জেলার পর্বতচূড়া তাজিংডং, কেওক্রাডং, বগালেক, চিম্বুক পাহাড়, নীলগিরি, নীলাচল, মেঘলা পর্যটন কমপ্লেক্স, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, স্বর্ণ জাদির (স্বর্ণ মন্দির) মতো পর্যটন কেন্দ্রগুলোই পর্যটকদের কাছে বেশি আকর্ষণীয়।
বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও বান্দরবান ফোর স্টার হোটেলর মালিক মানিক চৌধুরী জানান, গতবারের চেয়ে কক্ষ ভাড়া হয়েছে একটু কম। এবার বৃষ্টির কারণে বান্দরবানে কম পর্যটক আসছে বলে মনে করেন এ ব্যবসায়ী।
ভাড়ায়চালিত জিপ (চান্দের গাড়ি) মালিক মো. আলমগীর জানান, আগে ঈদে টানা কয়েক দিনের জন্য তার গাড়ি আগাম ভাড় হয়ে থাকত। তবে এবার চাপ কিছুটা কম। এবার বেশি পর্যটক আসছে ঈদের পর।
বান্দরবানে পরিবার নিয়ে বেড়াতে আসা সাফায়াত খান জানান, কয়েক বছর ধরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঈদের ছুটি কাটতে পাহাড়ে আসেন। খরচ তুলনামূলক কম বলে এবং নিরাপত্তা ব্যবস্থা ভাল হওয়ায় তিনি বান্দরবানে আসেন।
পুলিশ সুপার কামরুল আহসান জানান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোতে যাতে লোকজন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে ঈদের আগে পর্যটক কম এসেছেন। তবে ঈদের পর অনেকেই আসবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
পটুয়াখালী
জেলায় কুয়াকাটায় দর্শনীয় স্থান হিসেবে রয়েছে নারিকেল বিথী, ফয়েজ মিয়ার বাগান, জাতীয় উদ্যান (ইকোপার্ক), শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার, ফাতরার বন, গঙ্গামতি, কাউয়ার চর, লেম্বুর চর, শুটকি পল্লীসহ সৈকতের জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্ব ও পশ্চিমে মনোমুগ্ধকর সমুদ্রের দীর্ঘ বেলাভূমি এবং একাধিক সংরক্ষিত বনভূমি।
কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কুয়াকাটা গেস্ট হাউসের ব্যবস্থাপনা পরিচালক মোতালেব শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখানকার প্রতিটি হোটেলে প্রায় শতভাগ কক্ষ ভাড়া হয়ে গেছে ।
ঈদ উপলক্ষে পটুয়াখালী থেকে কুয়াকাটার রাস্তায় সংস্কার করা হয়েছে। নদীতে নতুন ফেরি দেওয়া হয়েছে বলে জানা তিনি।
আভিজাত হোটেল বিচ হ্যাভেনের রুম ডিভিশনের ইনচার্জ বায়েজিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন থেকে পাঁচ দিনের জন্য তাদের প্রায় সব কক্ষই ভাড়া হয়ে গেছে।
প্রতি ঈদ মৌসুমে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে বলে জানান বায়েজিদ।
কুয়াকাটা সি-বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২১০৭
bdnews24