গোপালগঞ্জ, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে অপহরণের ৪৫ দিন পর এক প্রবাসীর স্কুলপড়–য়া ছেলের লাশ পাওয়া গেছে।
অপহরণের পর ওই শিশুকে উদ্ধারে পুলিশের তৎপরতা যথেষ্ট ছিল না অভিযোগ করে তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের ইতালিপ্রবাসী রেজাউল মোল্লার ছেলে মাহফুজুর রহমান মাহফুজের (৮) লাশ মঙ্গলবার তার বাড়ির পাশের বাগানে পাওয়া যায়।
গত ৫ জুলাই শবেবরাতের রাতে অপহরণ করা হয় কাশিয়ানী রেলওয়ে একতা কিন্ডার গার্টেনের ছাত্র মাহফুজকে। পরে তার মুক্তির বিনিময়ে ৭০ লাখ টাকা টাকা চেয়ে তার মা স্বপ্না বেগমের কাছে টেলিফোন করা হয়।
মাহফুজের লাশ উদ্ধারের পর পুলিশ মঙ্গলবার সকালে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে অপহরণের পর সন্দেহভাজন শামীম শেখকে আটকের পরও ছেড়ে দেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।
মাহফুজ অপহরণের পর তার সহপাঠীসহ কাশিয়ানীর সাধারণ মানুষ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।
লাশ উদ্ধারের পর বিক্ষুব্ধরা থানায় হামলা চালাতে পারে বলে শঙ্কা থেকে কাশিয়ানী থানার মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জ থেকে ছুটে যান পুলিশের পদস্থ কর্মকর্তারা।
মাহফুজের পরিবারের সঙ্গে পাশের মুকন্দপুর গ্রামের শামীম শেখের জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধ এবং এরপরের একটি ঘটনাকে কেন্দ্র করে শামীমই এই অপহরণ করেন বলে দাবি মাহফুজের চাচা জাফর মোল্লার।
তার অভিযোগ, শামীম শেখের সঙ্গে বিল্লাল শেখ এই অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত।
জাফর সাংবাদিকদের বলেন, “জমি নিয়ে বিরোধ ছিল। এছাড়া বিল্লালের এক শ্যালিকা বিয়ের তথ্য গোপন করে পুলিশে চাকরি পেলেও বিষয়টি প্রকাশ পেলে তার চাকরি চলে যায়। তাদের সন্দেহ ছিল, আমরা খবরটি প্রকাশ করেছি।”
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন জানান, গত ৫ জুলাই শবেবরাতের রাতে মাহফুজ নামাজ পড়তে মসজিদে রওনা হয়। এরপর থেকে সে নিখোঁজ।
মাহফুজের পরিবার পুলিশের কাছে অভিযোগ করে, শামীম ও বিল্লালের পরিকল্পনায় হোসেন, সাদ্দামসহ কয়েকজন শিশুটিকে অপহরণ করে।
অপহরণের রাতেই স্বপ্না বেগমের কাছে টেলিফোন করে প্রথমে ৫ লাখ টাকা মুক্তিপণ চায়। এরপর দফায় দফায় তা ৭০ লাখ টাকা পর্যন্ত ওঠে বলে জানান মাহফুজের চাচা জাফর।
তিনি বলেন, “অপহরণের পরদিন এসআই ফুল মিয়া অপহরণের মূল নায়ক শামীম শেখকে আটক করলেও রহস্যজনক কারণে ছেড়ে দেয় এবং অন্যান্য আসামিদের পালিয়ে যেতে সহায়তা করে।”
তবে অভিযোগ প্রত্যাখ্যান করে কাশিয়ানী থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন, “মাহফুজ অপহরণের পর আমরা অভিযুক্ত বেল্লাল, হোসেন, সাদ্দামসহ পাঁচজনকে গ্রেপ্তার করি। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।”
“তবে এটা ঠিক যে তাদের দেওয়া তথ্যে আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও মাহফুজকে উদ্ধার করে পারিনি,” স্বীকার করেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০১ ঘ.
bdnews24