২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ঢাকায় জামিন মেলেনি কোনো আসামির

ঈদের দিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হওয়া কোনো আসামির জামিন মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাষ্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদের দিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হওয়া কোনো আসামির জামিন মেলেনি। ঈদের ছুটির দিনে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বসেন অমিত কুমার দে। গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যে আসামিদের আদালতের সোপর্দ করার বাধ্যবাধকতা থাকায় এ আদালত বসে। সোমবার মহানগরীর বিভিন্ন মামলায় ৬৩ জনকে এই আদালতে হাজির করা হয়। কোর্ট হাজতের নিবন্ধন খাতায় দেখা যায়, এদের মধ্যে বেশির ভাগ আসামিকেই ঈদের আগের দিন রোববারে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে চুরি, ডাকাতির প্রস্তুতি, বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারীকে আহত ও হত্যার মামলা। মাদকদ্রব্য সংক্রান্ত মামলাও ছিল। সূত্রাপুর থানার চুরির মামলার আসামি মনির হোসেন সাহিদের আইনজীবী সৈয়দ শাহ আলম তার মক্কেলের জামিন না পাওয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, “মামলার বাদি সাহিদের চাচাতো ভাই শেখ ওয়াহিদ হোসেনের সঙ্গে জমি ও গৃহনির্মান কাজের ব্যাপারে বিরোধ ছিল। এ মামলার আগেই সাহিদ ওয়াহিদের বিরুদ্ধে সাধারন ডায়েরি করে। তাই জামিন পাওয়ার পক্ষে যথেষ্ট যুক্তি ছিল।” ঈদের দিন আদালতপাড়ায় কর্মচাঞ্চল্য ছিল না। আদালতের বারান্দা থেকে কোর্ট হাজত ছিল ফাঁকা। আদালতে শাহবাগ থানার সাধারন নিবন্ধন কর্মকর্তার কার্যালয়ে পুলিশ কনষ্টেবল মজিবর রহমান জানান, ওই থানা থেকে মাত্র একজন আসামি আনা হয়েছে আদালতে। আসামি বাসচালক আবদুল মান্নান পান্থপথে রোববার একজনকে চাপা দিয়ে মেরেছেন। তার পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি। তার কোনো আত্মীয়ও মামলার খোঁজ নিতে আদালতে আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/২১০৬ ঘ.