মামুনুর রশীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চিড়িয়াখানায় এবার ঈদের আকর্ষণ ২৩০টি নতুন প্রাণী, যার মধ্যে রয়েছে শাদা সিংহ, শাদা গন্ডার, রেটিকুলেটেড জিরাফ আর রেস্টেড পিজিয়নসহ বিভিন্ন ধরনের পশুপাখি।
ঢাকা চিড়িয়াখানার কিউরেটর ড. এ বি এম শহীদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৬ মাসে বিভিন্ন দেশ থেকে এসব প্রাণী আনা হয়েছে। প্রাথমিক অবস্থায় এই অঞ্চলের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দিতে এগুলোকে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছিল। কিন্তু ঈদ উপলক্ষে দর্শকদের বাড়তি আনন্দ দিতে এগুলোকে প্রতিটি শেডে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।”
নতুন প্রাণী দেখার আকর্ষণে এবার ঈদের ছুটিতে দর্শনার্থীদের সংখ্যা আগের তুলনায় অনেক বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা চিড়িয়াখানার নতুন প্রাণীর মধ্যে আরো আছে নতুন প্রজাতির জেব্রা, ডোরাকাটা ও স্পটেড হায়েনা, আরবি ঘোড়া এবং আমাজানের ম্যাকাও প্যারট, উটপাখিসহ প্রায় ২০ প্রজাতির নতুন পাখি।
শহীদ উল্লাহ বলেন, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আইভরি কোস্ট, থাইল্যান্ড, ভারত, চেক প্রজাতন্ত্রসহ বিভিন্ন দেশ থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ করে এসব প্রাণী আনা হয়েছে।
এছাড়া অল্প কিছু দিন আগে চিড়িয়াখানায় জন্ম নেওয়া ইম্পালা, ওয়াটার বাক, গাধা, জলহস্তী, কমন ইলেন, রেসার্স বানর, হনুমান, কুমির ও অজগর এবং ময়ূর ও সবুজ ঘুঘুর বাচ্চাও দর্শনার্থীদের আনন্দ যোগাবে বরে আশা করছেন কিউরেটর।
চিড়িয়াখানার পশুপাখির সংগ্রহকে আরো সমৃদ্ধ করতে চলতি বছরেই আড়াই কোটি টাকা ব্যয়ে আনা হবে ম্যানড্রিল, রেড ক্যাঙ্গারু, নতুন প্রজাতির শিম্পাঞ্জী, রিংটেল লেমুর, বিশেষ প্রজাতির বানরসহ বিভিন্ন দুর্লভ প্রজাতির পাখি।
কিউরেটর জানান, এমনিতে সাধারণ দিনগুলোতে প্রতিদিন হাজার দশেকের মতো লোক চিড়িয়াখানায় আসে।
“আমরা আশা করছি, ঈদের ছুটির দিনগুলোতে প্রতিদিন এক লাখের বেশি লোক চিড়িয়াখানায় ঘুরতে আসবে। আর তাদের আনন্দের সাথে বাড়তি মাত্রা যোগ করবে চিড়িয়াখানাতেই জন্ম নেওয়া বিভিন্ন প্রাণীর বাচ্চা। দর্শকদের কথা মাথায় রেখে আমরা এগুলোকেও প্রদর্শনের উদ্যোগ নিয়েছি।”
কর্মীরা জানান, রোববার সকাল থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। আর অধিকাংশকেই নতুন আনা প্রাণীগুলোর খাঁচার উৎসুক দেখা গেছে।
শ্যামলী থেকে আসা স্কুলশিক্ষক আফজাল হোসেন এসেছিলেন দুই ছেলেকে সঙ্গে নিয়ে। স্পটেড হায়েনার খাঁচার সামনে দাঁড়িয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নতুন প্রাণীগুলো দেখে বাচ্চাদের সাথে আমিও আনন্দ পাচ্ছি। টেলিভিশনের বাইরে হায়েনা কখনো সামনাসামনি দেখতে পাব ভাবিনি।”
ঈদে দর্শনার্থীদের ভিড় সামালাতে নতুন করে ১৬টি অস্থায়ী টিকেট কাউন্টার বসিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ১০ টাকার টিকেটের দাম বাড়িয়ে করা হয়েছে ২০ টাকা। কিছুটা বাড়ানো হয়েছে হাতি ঘোড়ার পিঠে চড়ার মূল্যও।
কিউরেটর শহীদ উল্লাহ বলেন, “নিরাপত্তার জন্য স্পর্শকাতর ৬টি স্পটে প্রতিটি টিমে ২ জন আনসার, ৬ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ একজন করে কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্বে থাকছেন।”
পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশও বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা দিচ্ছে বলে জানান তিনি।
দর্শনার্থীদের সুবিধার জন্য রেখে চিড়িয়াখানার ভেতরে এবার ২০টি খাবার দোকানও বসানো হয়েছে।
“তারা যাতে ন্যায্য মূল্যে টাটকা খাবার পায়, সেদিকে আমরা বিশেষ নজর রাখছি। এছাড়া বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে”, বলেন কিউরেটর।
১৯৬১ সালে যাত্রা শুরু হলেও ঢাকা চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ১৯৭৪ সালে। ১৮৬ দশমিক ৬৩ একর জমির ওপরে এই চিড়িয়াখানায় বর্তমানে ১০ প্রজাতির ৪৫টি মাংশাসী এবং ২২ প্রজাতির ১৫৪টি বৃহৎ তৃণভোজী প্রাণী রয়েছে।
এছাড়া ক্ষুদ্র স্তন্যপায়ী ও সরীসৃপ জাতীয় ২৮ প্রজাতির ২২৫টি প্রাণী এবং ৫৭ প্রজাতির ১ হাজার ১৯০টি পাখি রয়েছে। ২৭ প্রজাতির ৩৪১টি মাছের জন্য আছে ফিস অ্যাকুরিয়াম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24