মামুনুর রশীদ ও আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে বিনোদনের খোঁজে সিনেমা হলে ভিড় করা দর্শকদের সংখ্যা দিন দিন কমছে। গত এক দশকে দেশের সিনেমা হলগুলোর প্রায় দুই-তৃতীয়াংশ বন্ধ হয়ে গেছে। হল ভেঙে মালিকরা তুলছেন ‘লাভজনক’ বিপণি বিতান।
বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে আরও শতাধিক সিনেমা হল। মালিকদের যুক্তি, ক্রমাগত লোকসান, চাঁদাবাজি, প্রশাসনের অসহযোগিতা এবং মানসম্মত সিনেমার অভাবে তারা এ ব্যবসা ছাড়তে বাধ্য হচ্ছেন।
বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সভাপতি ফিরোজ রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজের পকেটের টাকা খরচ করে কেউ আর এ ব্যবসায় থাকতে চাইছে না। আমরা অনেক চেষ্টা করেছি ব্যবসা টিকিয়ে রাখতে। কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাসীদের দৌরাত্ম ও প্রশাসনের অসহযোগিতার কারণে টিকে থাকা সম্ভব হচ্ছে না।”
গত ২১ জুলাই দেশের সবচেয়ে বড় সিনেমা হল যশোরের ‘মণিহার’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এর কর্তৃপক্ষ। হলটির ব্যবস্থাপক শামিম আহমেদ বিডিনিউজকে বলেন, “অব্যাহত চাঁদাবাজি, সন্ত্রাসী হামলার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।”
তবে ঈদে ‘খোদার পরে মা’ চলচ্চিত্রটি প্রদর্শনের মাধ্যমে হলটি আবার চালু হয়েছে।
গত ২৮ জুন জাতীয় সংসদে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের দেয়া তথ্যানুসারে দেশের প্রায় দুই তৃতীয়াংশ সিনেমা হল বর্তমানে বন্ধ হয়ে গেছে।
তথ্যমন্ত্রী এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “দেশে লাইসেন্সপ্রাপ্ত বারোশ’ সিনেমা হলের মধ্যে ৭৫০টিই বন্ধ হয়ে গেছে। সিনেমা হল মালিকরা কম মুনাফার এ ব্যবসা ছেড়ে অন্য লাভজনক ব্যবসায় ঝুঁকছেন। তারা সিনেমা হল ভেঙে এখন বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন।”
সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর সহজলভ্য হওয়াকে একটি কারণ হিসাবে উল্লেখ করেন মন্ত্রী।
কিন্তু তথ্যমন্ত্রীর বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে সিনেমা হল বন্ধের জন্য মান সম্মত চলচ্চিত্রের অভাবকে দায়ী মনে করছেন ফিরোজ রশীদ।
চলচ্চিত্র পরিবেশক সমিতির সভাপতির মতে, আগে বছরে প্রায় একশ’টিরও বেশি চলচ্চিত্র মুক্তি পেতো। এখন বছরে ২৫টিও মুক্তি পায় না। এর মধ্যে সবগুলো ‘হিট’ করে না, হলগুলোতে বেছে বেছে সিনেমা চালাতে হয়।
তিনি বলেন, “আমরা ব্যবসা টিকিয়ে রাখতে হলে ভারতীয় ছবি চালানোর অনুমতি চেয়েছিলাম। অনুমতি পাওয়ার পরে সিনেমা বুকিং এর জন্য অনেক টাকা অগ্রিমও দেওয়া হয়েছিলো। তবে পরবর্তীতে শিল্পী সমাজের আপত্তির কারণে তা সম্ভব হয়নি।”
“শিল্পী সমাজেরও বোঝা উচিত, বাতাস খেয়ে বেঁচে থাকা যায় না। ছবি না চললে আমরা খাবো কি, আর হলই বা চালাবো কিভাবে?”
ফিরোজের সঙ্গে একমত রাজশাহী শহরের বন্ধ হয়ে যাওয়া ‘লিলি’ এবং ‘বর্ণালী’ সিনেমা হলের স্বত্বাধিকারী সরোয়ার মোর্শেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের ছবির মান, নির্মাণ এবং গল্প নিম্নমানের। এছাড়া ছবির বাজারে প্রতিযোগিতা নেই বলে মান উন্নয়নের জন্য প্রযোজক পরিচালকদের তেমন তাড়াও থাকে না।”
“এখন ছবির ব্যবসায় পয়সা ওঠে না। দর্শক নাই। গত কয়েক বছরে ছয় লাখ টাকা লস খেয়ে হল বন্ধ করে দেওয়া ছাড়া উপায় ছিল না”, হল বন্ধ করে দেওয়ার যুক্তি দেখালেন তিনি।
তার মালিকানাধীন লিলি সিনেমা হল বন্ধ হয় ২০০৪ সালে। এরপর ২০১০ সালে বর্ণালীও বন্ধ হয়ে যায়।
এখন সেখানে কি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “আমি নিজে কিছু করছি না। ভবনসহ জায়গা বিক্রি করে দিয়েছি।”
‘লিলি’ এবং ‘বর্ণালী’ সিনেমা হলের পাশাপাশি গত এক দশকে রাজশাহী শহরের ছয়টি সিনেমা হলের পাঁচটিই বন্ধ হয়ে গেছে।
এদিকে প্রশাসনিক জটিলতার কারণে প্রায় দুই বছর বন্ধ রয়েছে উত্তরবঙ্গের অন্যতম পুরাতন প্রেক্ষাগৃহ রংপুরের লক্ষ্মী টকিজ।
২০১০ সালের ১২ জানুয়ারি জেলা প্রশাসন এ সিনেমা হলটি বন্ধ কর দেয়। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত এ প্রেক্ষাগৃহটি এক সময় ছিল এ অঞ্চলের মানুষের প্রধান বিনোদন কেন্দ্র।
সাড়ে আটশ’ দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন লক্ষ্মী টকিজের মালিক শফিকুল ইসলাম বলেন, “হলটি জেলা প্রশাসনের কাছ থেকে লিজ নিয়ে আমরা এতোদিন চালিয়েছি। কিন্তু হঠাৎ করে তারা লিজ বাতিল করে দেয়। আমরা আপ্রান চেষ্টা করেছি হলটি পুনরায় চালু করতে, কিন্তু জেলা প্রশাসন আমাদের কোন সহযোগিতা করেনি।”
“শুনেছি হলটি কোনো এক ডেভেলপার কোম্পানিকে দিয়ে দেওয়া হবে। এমনটা হলে এ স্থানে সিনেমা হল ভেঙ্গে সুপার মার্কেট বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মিত হতে পারে”, যোগ করেন তিনি।
বর্তমানে জেলা প্রশাসনের সাথে হল মালিকের একটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মোহাম্মদ হান্নান জানান, “এক সময় রাজধানীতে ৪৪টি সিনেমা হল থাকলেও বর্তমানে এর ২০টিও টিকে নেই।”
তার কাছ থেকে জানা যায়, ইতোমধ্যে ভেঙ্গে ফেলা হয়েছে বাংলাদেশের প্রথম সিনেমা হল ‘নিউ পিকচার হাউস’। একাধিকবার মালিকানা পরিবর্তনের পর ‘শাবিস্তান’ নামে পরিচিত এ হলটি ভেঙে নির্মিত হয়েছে ফ্ল্যাটবাড়ি ও শপিং কমপ্লেক্স।
প্রথম বিশ্বযুদ্ধের সময় নির্মিত পিকচার হাউস প্রথমদিকে নির্বাক চলচ্চিত্র প্রদর্শিত হতো। পরে এটি ঢাকাবাসীর বিনোদনের প্রধান কেন্দ্রে পরিণত হয়। কিন্তু ঐতিহাসিক এ প্রেক্ষাগৃহটি সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বন্ধ হয়ে গেছে গুলশানের জ্যোতি সিনেমা হল, এলিফ্যান্ট রোডের মল্লিকা সিনেমা হল, সদরঘাটের রূপমহল, নবাবগঞ্জের তাজমহল, গুলিস্তান হল, ওয়াইজঘাটের মুন এবং স্টার সিনেমা হল, পুরানো ঢাকার লায়ন সিনেমা হল ও ডায়মন্ড থিয়েটার।
হান্নান বলেন, “টঙ্গির আনারকলি, চম্পাকলি সিনেমা হল দুটো যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে। এর বাইরে দক্ষিণ খান ও উত্তর খানে কোনো সিনেমা হল নেই। বনানিতে এক সৈনিক ক্লাব ছাড়া গোটা গুলশান এলাকায় এই মুহূর্তে অন্য কোনো সিনেমা হল নেই।”
“এ সব এলাকায় কয়েক লাখ মানুষ বসবাস করলেও সেখানে চলচ্চিত্র প্রদর্শনের কোনো ব্যবস্থা নেই। অথচ এখন পর্যন্ত সাধারণ মানুষের একমাত্র বিনোদন মাধ্যম হচ্ছে সিনেমা”, যোগ করেন তিনি।
আর সিনেমা হলগুলোর রক্ষণাবক্ষণের দায়িত্ব জেলা প্রশাসনের হলেও তাদের দিক থেকে কোনো ধরনের উদ্যোগ দেখা যায় না বলেও অভিযোগ করেন তিনি।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বিডিনিউজকে বলেন, “রক্ষণাবেক্ষনের এই দায়িত্ব হল মালিকদেরই। এখানে জেলা প্রশাসনের কোনো দায়িত্ব নেই। তবে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো পুনরায় চালু করতে সরকার চেষ্টা চালাচ্ছে।”
বাংলাদেশের সিনেমা হলের টিকিটে প্রায় ১৫০ শতাংশ করা নেওয়া হয় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক বলেন, “এ ট্যাক্সের পরিমাণ পৃথিবীর মধ্যে অন্যতম সর্বোচ্চ। প্রেক্ষাগৃহের ওপরে সরকারের বসানো অত্যধিক পরিমাণের ট্যাক্স কমানো গেলে টিকেটের মূল্য কমে যেতে পারতো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এসইউ/১৯১০ ঘ.
bdnews24