চট্টগ্রাম, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ ধরতে বাধা এবং হামলার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক একঘণ্টা অবরোধ করেছে স্থানীয় জেলেরা।
রোববার দুপুর ২টায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা পাকা মসজিদ এলাকায় এ সময় যান চলাচল বন্ধ থাকে। ৩টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, সোনাইমুড়ি ইউনিয়নের স্থানীয় জেলেরা বঙ্গোপসাগরের উপকূলে মাছ ধরতে গেলে আরেকদল জেলে সকাল ও দুপুরে দুই দফায় তাদের বাধা দেয় এবং হামলা চালায়।
সীতাকুণ্ড থানার ওসি সামিউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলেদের দুপক্ষের মধ্যে সমস্যা হওয়ায় একপক্ষ রাস্তায় এসে দাঁড়ায়। পুলিশ আসার পর আবার চলে যায়।”
এ সময় কিছুক্ষণের জন্য রাস্তার দুদিকের গাড়ি চলাচল ব্যাহত হয়ে বলে তিনি স্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/ডিডি/১৯৫১ ঘ.
bdnews24