কুড়িগ্রাম, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকার লোকজনকে ‘গালাগাল দেওয়ায়’ কুড়িগ্রামের জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাঈদুল ইসলামকে লাঞ্ছিত করেছে জনতা।
রাজারহাট উপজেলার বিদ্যানন্দ এলাকায় রোববার এ ঘটনার সময় বিক্ষুদ্ধ জনতা তার গাড়িও ভাংচুর করেছে।
একঘন্টা অবরুদ্ধ থাকার পর রাজারহাট উপজেলা চেয়ারম্যান আবু নুর আক্ততারুজ্জামান, ইউএনও এস এম মাজহারুল ইসলাম এবং ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন।
এলাকাবাসীর বরাত দিয়ে রাজারহাট থানার ওসি (তদন্ত) মোন্তাফিজুর রহমান বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ মাঈদুল ইসলাম বিদ্যানন্দ এলাকায় ঈদ উপলক্ষে কুশল বিনিময় করতে গেলে লোকজন তার কাছে দীর্ঘদিন এলাকায় না আসার কারণ জানতে চায়।
এছাড়া তার বিরুদ্ধে টিআর, কাবিখাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে।
এ সময় সাংসদ মাঈদুল ক্সিপ্ত হয়ে উপস্থিত জনতাকে গালাগাল দিলে বিক্ষুদ্ধ জনতা তাকে লাঞ্ছিত করে এবং ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনি বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ ভবনের দোতলায় আশ্রয় নেন। এ সময় জনতা তার গাড়ির গ্লাস ভাংচুর করে এবং দুপুর ১টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ ভবন ঘিরে রাখে।
পরে পুলিশ তাকে উদ্ধার করে উলিপুরে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়।
রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নুর আক্ততারুজ্জামান বলেন, বিপদের দিনে জনগণের পাশে না থাকায় সাধারণ মানুষ সাংদের উপর ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছে।
রাজারহাটের ইউএনও এসএম মাজহারুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৬ ঘ.
bdnews24