২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদার দাবিতে হত্যার হুমকি আইনজীবীকে

দশ লাখ টাকা চাঁদার দাবিতে ঢাকা জজ আদালতের খ্যাতিমান আইনজীবী আমিনুল গনি টিটোকে অনবরত হত্যার হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাষ্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ লাখ টাকা চাঁদার দাবিতে ঢাকা জজ আদালতের খ্যাতিমান আইনজীবী আমিনুল গনি টিটোকে অনবরত হত্যার হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে গত ৯ অগাস্ট টিটো রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে জিডির কপি হস্তান্তর করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম বলেন, “বিষয়টি আমি জানলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” আমিনুল গনি টিটো ঢাকা জজ আদালতে ফৌজদারি মামলা পরিচালনায় একজন শীর্ষস্থানীয় আইনজীবী। টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮ অগাস্ট থেকে রোববার পর্যন্ত ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ফোনে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী নবীর হোসেনের লোক পরিচয় দিয়ে আশিক নামের একজন প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। প্রতিদিন তিন থেকে চারবার সপরিবারে তাকে হত্যার হুমকি দিচ্ছে। সবশেষ ফোনটি আসে রোববার সকালে, +৩০৩৩৩৮৪৫০ নম্বর থেকে, বলেন টিটো। তিনি বলেন, গত ১৪ অগাস্ট জিডির কপিটি ফ্যাক্সযোগে র‌্যাবের মিডিয়া বিভাগের পরিচালক উয়িং কমান্ডার এম সোহায়েলের কাছে পাঠিয়েছেন। কিন্তু হুমকিদাতাদের সনাক্তকরণ কিংবা গ্রেপ্তারের ব্যাপারে কোনো পদক্ষেপের খবর তার জানা নেই। তবে জিডি করার পর তার কাছে মোহাম্মদপুর থানা থেকে খোঁজ নেওয়া হয়েছিল। “হুমকিদাতারা টিটোকে বলেছে- প্রশাসনের কাছে গিয়ে কোনো লাভ নেই। প্রশাসন আপনাকে কয়দিন বাঁচাবে?” বলেন তিনি। চরম নিরাপত্তাহীনতায় থাকা এই আইনজীবী টিটো এ ব্যাপারে সরকারের প্রয়োজনীয় সহায়তার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/১৮২৯ ঘ.