আবুল হোসেন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন কবরে হাত বুলিয়ে বাবাকে ‘আদর’ করবে নিষাদ-নিনিত। দুই ছেলেকে নিয়ে নুহাশ পল্লীতেই ঈদ করবেন প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।
রোববার বিকেলে শাওনের সঙ্গে তার মা সংসদ সদস্য তহুরা আলী, বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও দুই বোন নুহাশ পল্লীতে আসবেন। ঈদের দিন রাতেই তারা আবার ঢাকায় ফিরে যাবেন।
গত ১৯ জুলাই হুমায়ূন আহমেদের মৃত্যুর পর ২৪ জুলাই এই নুহাশ পল্লীতেই তাকে দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাওন বলেন, ঈদে নুহাশ পল্লীতে তেমন কোনো আয়োজন থাকছে না। ঈদের দিন ওখানে থাকলে বাচ্চাদের ভাল লাগবে। তাই নুহাশ পল্লীতে যাওয়া।
“এতটুকু আমি বুঝতে পারি, বড় মানুষের মতো তো ওরা কবর জিয়ারত করতে পারবে না। বড় ছেলে নিষাদ বলেছে, বাবার কবরে হাত বুলিয়ে বাবাকে আদর করবে।”
“ওদের বাবা থাকতে একই রকম পাঞ্জাবি পড়ে তার হাত ধরে নামাজ পড়তে যেত ওরা। এবার এ দৃশ্যটা খুবই মিস করবো”, যোগ করেন তিনি।
শাওন জানান, হুমায়ূন আহমেদ ও তার ছেলেরা ঈদের দিন একই রকম পাঞ্জাবি পড়তেন। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা তাই ঈদের উপহার হিসেবে নিষাদ ও নিনিতকে একইরকম পাঞ্জাবি কিনে পাঠিয়েছেন।
নিষাদ-নিনিতের নানা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিার ডটটকমকে জানিয়েছেন, এবার তিনি নাতিদের সাথে একই রকম পাঞ্জাবি পড়ে নুহাশ পল্লীর পাশের ঈদগাহে নামাজ পড়তে যাবেন।
আগের ঈদের দিনগুলোর স্মৃতিচারণ করে শাওন বলেন, “ঈদের দিন সকালে এক সাথে নাস্তা করে ছেলেদের নিয়ে নামাজ পরতে যেত হুমায়ূন। নামাজ পড়ে এসে দুপুরের রান্নার জন্য অপেক্ষা করতেন তিনি। ঈদের রান্নাটা আমাকেই করতে হতো। এ দিন তিনি ট্র্যাডিশনাল খাবারই বেশি পছন্দ করতেন। পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, কলিজা ভুনা তার খাবার তালিকায় থাকতো।”
শাওন আরো বলেন, “নিনিত ছোট, তারপরও সে বাবাকে খোঁজে। ছোট ছেলে নিনিত হাতের কাছে মোবাইল ফোন, টিভি কিংবা এসির রিমোট কানে ধরে বাবার সাথে কথা বলে।”
“আর বড় ছেলে নিষাদ খুব চাপা স্বভাবের। তবে বাবা নেই এতটুকুন সে বোঝে। অনেক সময় সে প্রশ্ন করে, ‘আমার বাবা কবে আসবে? আমার বার্থডেতে শুধু আসবে? কেক কাটার সময় আসবে? তাহলে আমাকে গিফটা দিয়েই চলে যাবে না কি?’ এ রকম অনেক প্রশ্ন তার।”
“প্রশ্নগুলো অনেক কঠিন। আমি এসব প্রশ্নের সহজ উত্তর খোঁজার চেষ্টা করি এবং সহজ উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। ওরা নুহাশ পল্লীতে বাবার কবরের কাছে থাকলে ওদের বাবা খুশি হবে।”
নুহাশদের ঈদ ঢাকায়
হুমায়ূন আহমেদের প্রথম পক্ষের সন্তান নুহাশ আহমেদ ও তার বোনেরা ঢাকায় ঈদ করবেন করবেন বলে জানিয়েছে, কার্টুনিস্ট আহসান হাবিব।
হুমায়ূন আহমেদের ছোট ভাই জানান, পরিবারের সদস্যদের নিয়ে নোভা, শীলা, বিপাশা ও নুহাশের হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে যাওয়ার ইচ্ছে আছে। তবে কবে তা ঠিক করা হয়নি।
আহসান হাবিব বলেন, “এবারের ঈদ কেমন হবে, তা তো বুঝতেই পারছেন। আম্মা একদম ভেঙে পরেছেন, তার শরীরটাও তেমন ভালো নেই।”
নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, ২৮ অগাস্ট পর্যন্তনুহাশপল্লী সবার জন্য উন্মুক্ত থাকবে। ধারনা করা হচ্ছে, ঈদের দিন ও তার পরের কয়েক দিন স্যারের ভক্তসহ অন্যরা সেখানে দেখতে এসে ভিড় জমাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৭২৯ ঘ.
bdnews24