২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মতোই ‘ফাঁকা’ স্টেশন-টার্মিনাল

দুই ঈদে, বছরে দুইবার নগরবাসীর ‘ফাঁকা’ ঢাকা দেখার সুযোগ হলেও ঈদের আগে বাস ও লঞ্চ টার্মিনাল বা রেল স্টেশনের এমন ‘খাঁ খাঁ’ দৃশ্য সচরাচর দেখা যায় না। জানাচ্ছেন কামাল হোসেন তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 05:53 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ঈদে, বছরে দুইবার এমন ‘ফাঁকা’ ঢাকা দেখার সুযোগ হয় নগরবাসীর। তবে ঈদের আগে বাস ও লঞ্চ টার্মিনাল বা রেলস্টেশনের এমন ‘খাঁ খাঁ’ দৃশ্য সচরাচর দেখা যায় না। ঈদের চার দিনের সঙ্গে শবে কদর, জাতীয় শোক দিবস আর দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার লম্বা ছুটি মিলে যাওয়ায় সময় নিয়ে ঢাকা ছাড়তে পেরেছে ঈদে ঘরমুখো মানুষ। ফলে ঈদের আগের দিন রোববার বাস টার্মিনাল ও রেলস্টেশনে দেখা গেল যাত্রীর সংখ্যা একেবারেই কম। ছুটির শুরুতে গত বুধ ও বৃহস্পতিবার বাসে লঞ্চে দেখা গেছে বেড়ায় ভিড়। যানবাহনের প্রবল চাপের কারণে ছোটখাট দুর্ঘটনা ঘটলেও মহাসড়কে দেখা গেছে দীর্ঘ যানজট। রাজশাহীতে গত সপ্তাহে পদ্মা এক্সপ্রেসের লাইনচ্যুতির ধকল কর্তৃপক্ষ সামাল দিতে না পারায় শিডিউল বিপর্যয়ে ভুগতে হয়েছে উত্তরের ট্রেনযাত্রীদের। গত দুই দিন দক্ষিণমুখী লঞ্চে যাত্রীদের চাপ থাকলেও রোববার সদরঘাটের চিত্র অনেকটাই আলাদা। যাত্রীর চাপ কম, নেই কোনো হুড়োহুড়ি। সংশ্লিষ্টরা বলছেন, রোববার যাত্রী সংখ্যা স্বাভাবিক দিনের চেয়েও কম বলে মনে হচ্ছে তাদের কাছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবি¬উটিএ) ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার ভোরে যাত্রীর চাপ বেশি থাকলেও রোববার ভোর থেকে টার্মিনাল একেবারেই ফাঁকা। রোববার সকাল ১০টা পর্যন্ত ১৪টি লঞ্চ দক্ষিণাঞ্চের দিকে ছেড়ে যায়। শনিবার যাত্রীর চাপ বেশি থাকায় সারাদিনে ঢাকা ছেড়ে যায় ১০৬টি লঞ্চ। সদরঘাটে অনেক লঞ্চ অপেক্ষায় রয়েছে দেখা গেলেও যাত্রী না পেলে কোনো কোনো লঞ্চের যাত্রাবাতিল করা হতে পারে বলে এই কর্মকর্তা জানান। পাতারহাট-৪ লঞ্চের মালিক সাহাবুদ্দিন মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, তার লঞ্চ সদরঘাটে ভেড়ানোর পর যাত্রী না পাওয়ায় কেরানীগঞ্জের তৈলঘাটে বেঁধে রেখেছেন। যাত্রীর সংখ্যা না বাড়লে তিনি লঞ্চ ছাড়াবেন না। চাঁদপুরের যাত্রী নজরুল ইসলাম বলেন, শনিবার রাতে রওনা হওয়ার কথা থাকলেও চাঁদ না হওয়ায় যাত্রা পিছিয়ে দেন তিনি। যাত্রী কম থাকায় বছরের যে কোনো সময়ের চেয়ে ‘আরামে’ যেতে পারবেন বলেই তিনি আশা করছেন। যাত্রীর চাপ নেই রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। সায়েদাবাদে যাত্রী সেবা পরিবহনের চালক মো. হিরণ মিয়া বলেন, “শনিবার থেকেই টার্মিনাল ফাঁকা। লম্বা ছুটির কারণে এবার ঈদে এই অবস্থা।” রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ঢাকা জেলা) এম সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ১০ পর্যন্ত ৬টি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছে ৬টি ট্রেন। যাত্রীর সংখ্যা স্বাভাবিক দিনের চেয়েও কম জানিয়ে রেল কর্মকর্তা বলেন, সব ট্রেন যথাসময়েই ছেড়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৪৫ ঘ.