২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ সন্তানকে পদ্মায় ছুড়ে ফেললেন বাবা

কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ্ সেতু থেকে দুই সন্তানকে পদ্মা নদীতে ছুড়ে ফেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চালিয়েছেন এক দিনমজুর বাবা। ছেলেমেয়েদের ঈদের জামার বায়না মেটাতে না পেরেই এ কাজ করেছেন দাবি করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

কুষ্টিয়া, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ্ সেতু থেকে দুই সন্তানকে পদ্মা নদীতে ছুড়ে ফেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চালিয়েছেন এক দিনমজুর বাবা। ছেলেমেয়েদের ঈদের জামার বায়না মেটাতে না পেরেই এ কাজ করেছেন দাবি করেছেন তিনি। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে দিনমজুর আব্দুল মালেককে পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী। গত শুক্রবার সকালে শিশুদের পদ্মায় ছুড়ে ফেলেন মালেক। নিখোঁজ শিশুরা হচ্ছে, ৫ম শ্রেণীর ছাত্রী মুন্নি (১০) ও মানছুর (৫)। এ ঘটনা জানার পর পুলিশের পাহারায় তাকে চিকিৎসা করা হচ্ছে। এদিকে, নিখোঁজ শিশুদের মা মমতাজ খাতুন সন্তানদের হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে ভেড়ামারা মডেল থানায় মামলা করেছেন। কান্নাজড়িত কণ্ঠে মমতাজ সাংবাদিকদের বলেন, “অকর্মা স্বামী মালেক দুই সন্তানকে নদীতে ফেলে হত্যা করেছে।” ভেড়ামারা থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারোদাগ গ্রামের দিনমজুর আব্দুল মালেক স্বীকারোক্তিতে বলেছেন, দারিদ্রের কারণে সন্তানদের ঈদের পোশাকের ও সংসারের অন্যদের নানা বায়না মেটাতে না পেরে এ ঘটনা ঘটিয়েছেন। শুক্রবার সকাল ১০টায় চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে দুই সন্তানকে নিয়ে বের হন মালেক। এরপর ভেড়ামারা থেকে পাকশীগামী ভটভটিতে চড়ে লালন শাহ সেতুর মাঝখানে নেমে পড়েন। এরপর প্রথমে মেয়ে মুন্নিকে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেন। এ সময় দৃশ্য দেখে পাঁচ বছরের শিশু মানছুর দৌঁড় দেয়। কিন্তু তাকে ধরেও নদীতে ছুড়ে মারেন মালেক। এরপর নদীতে ঝাঁপ দিয়ে নিজে আত্মহত্যা চেষ্টা করেন বলে পুলিশের কাছে জানিয়েছে আব্দুল মালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/২২০৮ ঘ.