আবু সুফিয়ান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাত পোহালেই রোজার ঈদ। নতুন পোশাক কেনার পরে আতর আর টুপিও আছে ছেলেদের শেষ মুহূর্তের কেনাকাটার তালিকায়।
রোববার সকাল ১১টায় মিরপুর রোডের এ আর প্লাজায় দেখা গেল দোকানে দোকানে ‘ঢু’ মারছেন হাতে গোণা কয়েকজন ক্রেতা। দুদিন আগেও এই বিপণি বিতানে পাশাপাশি হাঁটা ছিলো বেশ কঠিন।
একটি তৈরি পোশাকের দোকানে জিন্স পছন্দ করার ফাঁকে ১২ বছরে ফাইয়াজ বললো, “ঈদ এর দিন আর পরের দিন পাঞ্জাবি-পায়জামা পরব। তার পরের দিন শার্ট আর জিন্স।”
তার বাবা জাহাঙ্গীর আলম বললেন, “মার্কেট ফাঁকা। তাই শেষ মুহূর্তের টুকিটাকি কিনতে এলাম।”
“রাস্তায় যানজট নেই, মার্কেটে ভিড় নেই। ভালোই লাগছে”, বললেন এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহরিয়ার ফাহিম।
মিরপুর রোডের রাপা প্লাজার পরিস্থিতিও প্রায় একই রকম। ক্রেতারা ঢুকছেন, ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন দোকান। তবে তাদের সংখ্যায় নিতান্তই কম।
তবে গাউসিয়া মার্কেটের ফুটপাতে ভিড় দেখা গেল তুলনামূলক বেশি। নারীদের দেখা গেল টুকিটাকি গহনার দোকানে মনোযোগী।
“সবুজ কানের দুল কিনতে এসেছি। জামার সাথে ম্যাচ করে পরব”, বললেন কলেজ ছাত্রী সুমাইয়া শারমীন।
রোজার শেষ শুক্রবার থেকে টুপি-আতরের বিক্রি বাড়লেও শেষ মুহূর্তেও দেখা গেল অনেককেই এ দুটি পণ্যের দোকানে ঘুরছেন।
বায়তুল মোকাররম মার্কেটের পাশাপাশি বিভিন্ন মসজিদের সামনের ফুটপাতেও টুপি-আতরের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। দেদারসে বিক্রি হচ্ছে নানা ডিজাইনের টুপি, সুগন্ধী আতর।
বায়তুল মোকাররম মসজিদের ফুটপাতের দোকানী রায়হান আলম জানালেন, বিক্রি ভালোই হচ্ছে। বিদেশি আতরের কদরই তুলনামূলক বেশি।
সৌদি আরব, পাকিস্তান, ভারত ও আরব আমিরাত থেকে এসব আতর আমদানি করা হয় বলে আরেক দোকানী জানালেন। দাম রয়েছে তিন হাজার টাকা পর্যন্ত।
তবে দেশি আতর যে কম চলছে তাও নয়। ৪০ টাকা দামের দুই শিশি ‘মদিনা আতর’ কিনে জাওয়াদুল গণি বললেন, “এই আতরের সুবাস ভালো, দামও কম। তাই কিনলাম।”
বেসরকারি ব্যাংকের চাকুরে সামির সাজ্জাদ কিনলেন চকলেট রঙের টুপি। বললেন, “মাথার সাথে লেগে থাকে। তাই কিনলাম,” বললেন তিনি।
দাম কত নিল জানতে চাইলে তিনি উত্তর দিলেন- ১০০ টাকা।
দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেল কিস্তি টুপি, রুমি টুপিসহ নানা নামের বাহারি টুপি পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৫০০ টাকা দামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/জেকে/১৬১২ ঘ.
bdnews24