২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে ভিড়, ফাঁকা বাস টার্মিনাল

রাজধানীতে ঈদে বাড়ি ফেরার ভিড় এখনও আছে সদরঘাটে। দীর্ঘ ছুটি পেয়ে অনেকেই আগেভাগে বাড়ি পৌঁছে যাওয়ায় সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে তেমন একটা ভিড় নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ঈদে বাড়ি ফেরার ভিড় এখনও আছে সদরঘাটে। দীর্ঘ ছুটি পেয়ে অনেকেই আগেভাগে বাড়ি পৌঁছে যাওয়ায় সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে তেমন একটা ভিড় নেই। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোরে যাত্রীর প্রচণ্ড চাপ ছিল। দুপুরের দিকে চাপ কিছুটা কমেছে। শনিবার রাত ৯টা পর্যন্ত ৮৮টি লঞ্চ দক্ষিণাঞ্চের দিকে ছেড়ে যায়। ঘাটে অপেক্ষা করছিল আরও ১৭ লঞ্চ। শুক্রবার মোট ১০৭টি লঞ্চ ছেড়ে যায় বলে তিনি জানান। সদরঘাট ছেড়ে যাওয়া প্রায় প্রতিটি লঞ্চের ছাদে আসন পেতেছে যাত্রীরা। নৌ-মন্ত্রী শাহজাহান খান শুক্রবার সাংবাদিকদের জানান, যাত্রীর চাপের কারণে যাত্রীরা ছাদে উঠছেন এবং চাপের কারণেই সবকিছু সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। মিলন নামে এক যাত্রী বলেন, “লঞ্চ মালিকরা এমনিতেই যাত্রী বোঝাই করে নিতে চায়। মন্ত্রীর এমন কথায় মালিকরা আরও উৎসাহিত হয়েছেন।” তার অভিযোগ, মালিকরা কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ ও প্রশাসনের কাউকে পাত্তা দিচ্ছেন না। র‌্যাব-১০ এর উপ-পরিচালক হারুন উর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাদে যাত্রী উঠছে কিনা তা দেখা হলেও আমরা মূলত লোড লাইন অতিক্রম করেছে কিনা তা লক্ষ করি। লোড লাইন অতিক্রম করার পর কোনো লঞ্চ পল্টুনে থাকতে দেওয়া হচ্ছে না।” নয়ন নামে পটুয়াখালীগামী এক যাত্রী জানান, বিএনসিসি, গালর্স ক্যাডেট ও বিআইডব্লিউটিএর সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক দল থাকায় যাত্রীদের উপকার হচ্ছে। যাত্রীদেরকে পথ দেখানো ও তাদের বিভিন্ন অসুবিধা দেখার জন্য ৭শ’ কর্মী শুক্রবার থেকে কাজ করছে। বাস টার্মিনালে ভিড় নেই এদিকে সদরঘাটে যাত্রীর চাপ থাকলেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ লক্ষ করা যায়নি। সায়েদাবাদে যাত্রী সেবা পরিবহনের চালক মো. হিরণ মিয়া বলেন, লম্বা ছুটির কারণে গত কয়েক দিনে অধিকাংশ যাত্রী রাজধানী ছেড়েছেন। টিকিটের সংকট না থাকলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে হিরণ মিয়ার যুক্তি, বাস ঢাকায় আসার সময় খালি আসে। কিন্তু অন্য সময় ঢাকায় আসার সময় যাত্রী নিয়ে আসে। তাই ঈদের সময় অতিরিক্ত ভাড়া মেনে নেওয়ার জান্য যাত্রীদের কাছে অনুরোধ জানান তিনি। মহাখালীর ‘ক্রাউন ডিলাক্স’ পরিবহনের বাসের চালকের সহকারী নজরুলের কাছে যাত্রী কেমন জানতে চাইলে তিনি বলেন, “যাত্রীর জন্য চিৎকার করতে হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৯১০ ঘ.