২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে দু’টি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

গাজীপুর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে দু’টি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। শনিবারের এ দু’টি দুর্ঘটনায় নিহতরা হলেন, টানসূত্রাপুর এলাকার আব্দুল কুদ্দুস (৪০), পটুয়াখালীর মির্ধাগঞ্জ এলাকার নুরুজ্জামানের ছেলে মো. শহিদ (৪০) ও অপর নিহত নারীর (৩৫) পরিচয় পাওয়া যায়নি। কোনাবাড়ি মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় ঢাকাগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাস্তার পাশে দাঁড়ানো দুইজন চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই আব্দুল কুদ্দুস এবং টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতনামা এক নারী মারা যান। পরে স্বজনরা হাসপাতালে নাম নিবন্ধিত না করেই ওই নারীর লাশ নিয়ে যায়। টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় টঙ্গীর চেরাগআলী এলাকায় বাস চাপায় পথচারী শহিদ নিহত হন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮১৯ ঘ.