২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরবে ঈদ রোববার

আরব দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন ও লিবিয়ায় ঈদ উল ফিতর উদযাপিত হবে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 06:00 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরব দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন ও লিবিয়ায় ঈদ উল ফিতর উদযাপিত হবে রোববার। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া ও গাল্ফ নিউজের খবরে জানানো হয়, শনিবার আরব দেশগুলোর কোথাও নতুন চাঁদ দেখা যায়নি। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোর ধর্মীয় কর্তৃপক্ষ ঘোষণা দেন হিজরি পঞ্জিকায় এবার শনিবার হবে রমজান মাসের শেষ দিন। অর্থাৎ, রোববার শাওয়াল মাসের প্রথম দিনে এসব দেশে উদযাপিত হবে ঈদ উল ফিতর। শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশেও রোববার ঈদ হবে। আর তা না হলে ৩০ রোজা পূর্ণ করে সোমবার ঈদ উদযাপন করবে বাংলাদেশের মুসলমানরা। বাংলাদেশে গত জুলাই ২০ রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় পরদিন থেকে রোজা রাখা শুরু হয়। তবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইয়েমেন, মিশর ও জর্ডানের মুসলমানরা ২০ তারিখেই রোজা রাখা শুরু করেন। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, পুরো রমজান মাস ধর্মপ্রাণ মুসলমানরা ভোররাতে খেয়ে পরদিন সূর্যান্ত পর্যন্ত সংযম পালন করছেন। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৩০টির বেশি গ্রামের মুসলমানরা রোববার ঈদ উদযাপন করবেন। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাইয়ের বড় ছেলে মাওলানা মোহাম্মদ আরিফ উল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব গ্রামের মুসুল্লিরা দীর্ঘদিন ধরেই এভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১৫৫ ঘ.