চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে বৃহস্পতিবার এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন।
নিহত আসাদুর রহমান (৩৪) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মোজ্জাফর হোসেনের ছেলে।
বিজিবি জানিয়েছে, লাশ ফেরত আনার ব্যবস্থা নিতে শুক্রবার বিজিবি’র কাছে আবেদন করেছে নিহতের অভিভাবক। বিজিবি এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছে।
৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র উপ-অধিনায়ক মেজর শরিফ মোহাম্মদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার (১৫ অগাস্ট) গোমস্তাপুরের রোকনপুর সীমান্তদিয়ে আসাদুর অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
তিনি পশ্চিমবঙ্গের মালদহের অবিরামপুর থানার বাতসা গ্রামে আত্মীয়ের বাড়ি যান। সেখানে বৃহস্পতিবার স্থানীয় কিছু দুস্কৃতকারী আসাদুরকে পিটিয়ে হত্যা করে।
অবিরামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর আসাদুরের লাশ মালদা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিজিবি কর্মকর্তা আরো বলেন, সংবাদ পেয়ে আসাদুরের বাবা মোজ্জাফর হোসেন শুক্রবার লাশ ফেরত চেয়ে গোমস্তাপুরের রোকনপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের কাছে আবেদন করেছেন।
শুক্রবার বিজিবি ভারতের মালদা জেলার ৩১ বিএসএফ ব্যাটালিয়নকে এ ঘটনার প্রতিবাদ করে এবং লাশ ফেরত চেয়ে চিঠি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24