গোপালগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র বেচা-কেনার অভিযোগে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হয়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্বফুলহার আকনেরহাট গ্রামের বিল্লাল হোসেন হাওলাদার (২৩) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া গ্রামের মো. নান্নু মোল্লা (৩১)।
মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই মো. বাহাজ উদ্দিন বলেন, রাত ১০টার দিকে জলিরপাড় গ্রামের রনজিৎ বালার বাড়ির সামনে অস্ত্র বেচা-কেনার সময় পুলিশ বিল্লাল ও নান্নুকে হাতেনাতে গ্রেপ্তার করে।
“এ সময় ডাকাত পার্থ মল্লিক পালিয়ে যায়। পার্থ মল্লিকের বিরুদ্ধে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা রয়েছে,” বলেন পুলিশ কর্মকর্তা।
এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৯ ঘ.
bdnews24