আবু সুফিয়ান
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মা-বাবা হারানো মাহির সরওয়ার মেঘকে দুঃখ ভুলিয়ে রাখতে চেষ্টার কমতি নেই মামাদের। তাই ভাগ্নের মতো পাঞ্জাবি পরেই ঈদের নামাজে যাওয়ার পরিকল্পনা করেছেন মেহেরুন রুনির তিন ভাই।
বাবা সাগর সরওয়ার ও মা মেহেরুন রুনির সঙ্গে গত ঈদ আনন্দ নিয়ে করলেও এবার ঈদে সেই আনন্দ থেকে বঞ্চিত মেঘ। সাত মাস আগে নিজের বাড়িতে খুন হন এই সাংবাদিক দম্পতি।
আগের বছরের মতো এবার ঈদে দাদি-নানী-ফুপু-খালা সবার কাছ থেকে উপহার পেলেও ছয় বছরের মেঘের কাছে অভাব ঠিকই আছে বাবা-মার উপহারের।
মেঘের মামা নওশের রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেঘ এখনো মাঝেমাঝেই বাবা-মা’র জন্য তার কষ্ট লাগার কথা বলে।
“আমার মা (মেঘের নানী) যখন কাঁদেন, তখন মেঘ উনাকে বলে, ‘তুমি কেঁদো না’। তারপর মেঘ নিজেই নিজের চোখ মোছে। বলে, ‘বাবা-মার জন্য কষ্ট হচ্ছে’।”
ঈদের প্রস্তুতির বিষয়ে নওশের বলেন, “মেঘকে আমরা লাল রঙের একটা পাঞ্জাবি কিনে দিয়েছি। আমরা তিন ভাইও একই রঙের একই ডিজাইনের পাঞ্জাবি কিনেছি। ঈদকে আমরা একই বর্ণে উদযাপন করতে চাই।”
গত ঈদের নামাজ বাবা সাগর সরওয়ারের সঙ্গেই পড়তে গিয়েছিল মেঘ। “সেবার আমরা সবাই একই মসজিদে নামাজ পড়েছিলাম,” বলেন নওশের।
গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের যে বাড়িতে সাগর-রুনি খুন হন, তার কাছেই নওশেরদের বাসা।
নওশের বলেন, “ঈদের দিন মেঘের ঘুম ভাঙলে তাকে নিয়ে ঈদ জামাতে যাব। সেখান থেকে আজিমপুর গোরস্থানে তার বাবা-মার কবর জিয়ারত করতে যাব।”
বোন ও ভগ্নিপতি ছাড়া ঈদ উদযাপনের অনুভূতি বর্ণনা করে নওশের বলেন, “ঈদ যতই ঘনিয়ে আসছে ততই খারাপ লাগছে পরিবারের কষ্টের কথা ভেবে। খালাম্মাদের (সাগর সরওয়ারের মা) কথা ভেবেও খারাপ লাগছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি ঈদে স্বাভাবিক থাকতে।”
খুনের ছয় মাস পেরোলেও এখনো এর কোনো কূল-কিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমে পুলিশ তদন্ত করলেও হাই কোর্টের নির্দেশে এখন র্যাব এই দায়িত্বে রয়েছে।
তদন্তের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মামলার বাদি নওশের এক কথায় বলেন, “জঘন্য অনুভূতি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/২০০০ ঘ.
bdnews24