চট্টগ্রাম, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের অন্য কেনাকাটা শেষে এবার অতিথি আপ্যায়নের নানা অনুষঙ্গ যোগাড়ে ব্যস্ত চট্টগ্রামবাসী।
ঈদের বাড়তি চাহিদা আর সরবরাহ সংকটের মাঝেও এসব মুদিপণ্যের দাম স্বাভাবিকই রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।
এবার ঈদের ছুটি কার্যত জাতীয় শোক দিবস থেকে শুরু হওয়ায় রসনা বিলাসী ও আপ্যায়নপ্রিয় চট্টগ্রামের মানুষের ঈদের অন্য কেনাকাটার চাপ শেষ হয়েছে বেশ আগেই। এখন এই বাড়তি সময় তারা কাজে লাগাচ্ছেন মুদি দোকানের কেনাকাটায়।
বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, নগরীর রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউরী বাজার থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট বাজার ও এমনকি মহল্লার মুদির দোকানেও উপচেপড়া ভিড়।
দোকানে দোকানে ঘুরে ক্রেতারা সেমাই, নুডল্স, চিনি, গুঁড়োদুধ, কিসমিস, বাদাম, নারিকেল, জিরা, এলাচিসহ বিভিন্ন মসলা কিনছেন।
বিক্রেতারা জানালেন, রমজানের মাঝামাঝি থেকে আস্তে আস্তে এ সব পণ্যের বাজার জমতে শুরু করেছে।
আর ক্রেতারা বলছেন, ঈদের অন্যান্য কেনাকাটা শেষে সেমাই, নুডল্স, চিনিসহ নানা ধরনের মসলা শেষের দিকে তারা কিনতে এসেছেন।
বৃহস্পতিবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন কোম্পানির প্রতি প্যাকেট ২০০ গ্রাম ওজনের লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে ৩০ টাকা ও প্রতি কেজি ১৪০ টাকা।
এছাড়া খোলা লাচ্ছা সেমাই প্রতি কেজি ১২০ টাকা ও খোলা বাংলা সেমাই ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রিয়াজউদ্দিন বাজারের আল ফারুক স্টোরের মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুঁড়ো দুধ মার্কস, ফ্রেশ, পিউর, কোয়ালিটি, ডিপ্লোমা, টু-জেসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রতি ৫০০ গ্রাম ওজনের প্যাকেট বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৮০ টাকায়। আর প্রতি কেজি খোলা চিনির দাম ৫৩ টাকা।
একই বাজারের ভাই ভাই স্টোরের দোকানদার শহিদুল ইসলাম বলেন, প্রতি কেজি ৩১০ টাকা এবং ৪৫০ টাকা দরে দুই ধরনের কিসমিস রয়েছে। এছাড়া প্রতি কেজি চীনা বাদাম ১১০ টাকা ও কাজু বাদাম সাড়ে ৪০০ টাকা, নারকেল প্রতিটি ৩০/৩২ টাকা দরে বিক্রি হচ্ছে।
তিনি জানান, রমজানের প্রথম দুই সপ্তাহ বিক্রি কম ছিল। এর পর থেকে ক্রেতারা ওই সব পণ্য কিনতে বাজারে ভিড় করছে।
আনোয়ার অ্যান্ড ব্রাদার্সের মালিক হারিছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ খুব কাছাকাছি চলে আসায় বিভিন্ন কোম্পানি এসব পণ্যের সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে। চাহিদা বেশি থাকা সত্বেও খুচরা বাজারে এসব পণ্যের দাম বাড়েনি।
বিভিন্ন ব্র্যান্ডের নুডল্স ২০০ গ্রাম প্যাকেট ৩০ থেকে ৫০ টাকা ও চীনা নুডল্স ৪০০ গ্রামের প্রতি প্যাকেট ১২৫ টাকা করে বিক্রি হচ্ছে বলে জানান কাজীর দেউরী বাজারের নিশাদ স্টোরের মালিক এমদাদ উল্লাহ।
তিনি আরো বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি পাঁচ লিটার ৬৬৫ থেকে ৬৭০ টাকা ও এক লিটার ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বাদাম প্রতি কেজির দাম ১৬০ থেকে ১৭০ টাকা।
রিয়াজ উদ্দিন বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, ১০০ গ্রামের এলাচির প্যাকেট ১৩০ টাকা, একই পরিমাণ দারুচিনি ২৫ টাকা ও লবঙ্গ ১৬০ টাকা করে বিক্রি হচ্ছে। জিরা প্রতি কেজি ৪০০ থেকে ৪৪০ টাকা, মিষ্টি জিরা প্রতি কেজি ২০০ টাকা, গোলমরিচ প্রতি কেজি ৯০০ টাকা, সাদা সরিষা প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
ওই বাজারে আসা ক্রেতা মিনারা আক্তার বলেন, “ঈদে নানা ধরনের খাবার তৈরি করতে হয়। এ জন্য জামা কাপড়সহ অন্য কেনাকাটা শেষ করে খাবারের এসব অনুষঙ্গ কেনাকাটায় বের হয়েছি।”
বাজারে এসব পণ্যের দাম স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
আন্দরকিল্লা এলাকার গৃহবধূ মরিয়ম জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের দিন সেমাই, নুডল্স, ফিরনি, হালুয়া ও নানা ধরনের মিষ্টান্ন বানিয়ে থাকি। মজাদার এ সব খাবার ছাড়া ঈদ যেন অপূর্ণই থেকে যায়।“
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএন/এইচএ/১৮২৩ ঘ.
bdnews24