২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাকাত নিতে গিয়ে আহত আরেক নারীর মৃত্যু

রাজধানীর ফকিরাপুলে একটি ভবনে যাকাতের কাপড় সংগ্রহে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আহত আরেক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফকিরাপুলে একটি ভবনে যাকাতের কাপড় সংগ্রহে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আহত আরেক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার জনে। মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকালে হুড়োহুড়িতে আহত হওয়ার পর হেলেনা খাতুন (৫০) নামের ওই নারীকে ফকিরাপুল এজিবি কলোনির পাশের বস্তিতে নিয়ে যান তার স্বজনরা। সেখানেই রাত ১০দিকে তিনি মারা যান। শুক্রবার সকালে তাকে দাফনের প্রস্তুতির সময় পুলিশ খবর পেয়ে হেলেনার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার বিকালে ফকিরেরপুলের একটি বাড়িতে যাকাতের কাপড় নিতে গিয়ে ভিড়ের চাপে পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিন নারী। ফকিরেরপুলের যে বাড়িতে এই ঘটনা ঘটে, সাততলা ওই বাড়ির মালিক পক্ষ যাকাতের কাপড় বিলি করছিল। ওই ভবনের তিন তলা পর্যন্ত বিপণি বিতান, ওপরের তলাগুলোজুড়ে আবাসিক হোটেল। ‘লাকি সেভেন’ নামে ওই হোটেলটির মালিক ছিলেন প্রয়াত মালেক, তার উত্তরাধিকাররা এখন এটি চালান। তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আকতারকে ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় মতিঝিল থানায় উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বৃহস্পতিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেন। ওসি হায়াতুজ্জামান জানান, মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো সাত/আটজনকে আসামি করা হয়েছে। নিহতদের মধ্যে জরিনা বেগম (৩৬) ও ময়নার (৩০) পরিচয় বৃহস্পতিবারই জানা গিয়েছিল। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেলের মর্গে এসে সাহারা খাতুন (৭০) নামের আরেকজনকে সনাক্ত করেন তার ছেলে মদন আলী। মদন সাংবাদিকদের জানান, তাদের বাড়ি নেত্রকোনায়। তার মা ঢাকায় ভিক্ষা করে জীবনযাপন করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৬৩০ ঘ.