ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফকিরেরপুলে একটি ভবনে যাকাতের কাপড় সংগ্রহে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে তিন নারী মারা গেছেন। কাপড় বণ্টনে যুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে ফকিরেরপুলের ১০৫ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে বলে মতিঝিল থানার ওসি মো. হায়াতুজ্জামান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “মালেক সাহেবের বাড়িতে যাকাতের কাপড় নিতে গিয়ে ভিড়ের চাপে পদদলিত হয়ে তিন মহিলা মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন একজন।”
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে, তারা হলেন- জরিনা বেগম (৩৬) ও ময়না (৩০)। নিহত অন্যজনের বয়স আনুমানিক ৬৫ বছর। আহত রেনু বেগমকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফকিরেরপুলের যে বাড়িতে এই ঘটনা ঘটে, সাততলা ওই বাড়ির মালিক পক্ষ যাকাতের কাপড় বিলি করছিল। ওই ভবনের তিন তলা পর্যন্ত বিপণি বিতান, ওপরের তলাগুলোজুড়ে আবাসিক হোটেল।
‘লাকি সেভেন’ নামে ওই হোটেলটির মালিক ছিলেন প্রয়াত মালেক, তার উত্তরাধিকাররা এখন এটি চালান। গ্রেপ্তার আকতার তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই যাকাতের কাপড় বিলির দায়িত্বে ছিলেন আকতার। দুপুরেই নিচতলা থেকে সাত তলা পর্যন্ত বিভিন্ন বয়সি মহিলাদের লাইন হয়। সময় যত গড়াতে থাকে মহিলাদের সংখ্যা বাড়তে থাকে।
“এক পর্যায়ে তিন তলা এবং চার তলায় কিছুটা হৈ চৈ হলে আকতারের নির্দেশে মহিলাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার সময় হুড়োহুড়ি শুরু হয়। তখন সিঁড়ির মধ্যেই পদদলিত হয়ে তিনজনের মৃত্যু হয়,” বলেন তিনি।
পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, সাততলা ওই ভবনে অপরিকল্পিতভাবে যাকাতের কাপড় বিলি করা হচ্ছিল। তাছাড়া পুলিশের কোনো সহায়তাও তারা চায়নি।
ঘটনার পরপরই আকতারকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমআই/২০৩৬ ঘ.
bdnews24