সিরাজগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে জেলা প্রশাসক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার ৮টার দিকে বনবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করার পর তার দুই সহযোগী পালিয়ে যায়।
আটক ইমদাদুল হক সোহেল (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চরবনবাড়িয়া গ্রামের কলিমুদ্দিন সেখের ছেলে।
অপর দুই পলাতক প্রতারক আয়নাল হকের ছেলে ওবায়দুল ইসলাম (৩৫) এবং রওশন আলীর ছেলে ও সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিয়ন (এলজিইডি) আমিনুল ইসলাম (৪৩) বলে জানায় র্যাব।
বৃহস্পতিবার বিকেলে সিরাহগঞ্জের রায়পুরে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানী কমান্ডারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে আটক সোহেল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তিনি বলেন, “ওবায়দুল ইসলামের নেতৃত্বে গত নয় মাস ধরে তারা এ প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছে। লোকজনের কাছে দাবীকৃত টাকা তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রহণ করতো।”
র্যাব- ১২ এর অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মেহেদী জানান, মোবাইল কল লিস্টের সূত্রধরে বুধবার রাত ৮টার দিকে বনবাড়িয়া বাজার এলাকা থেকে সোহেলকে আটক করা হয়।
বিভিন্ন সময় তারা সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে পরিচয় দিতেন।
এ ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৩২ ঘ.
bdnews24