াকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মাওলানা মো. ইউনুসকে (৪৮) বৃহস্পতিবার দুপুরে ফকিরাপুল থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ইউনুস কক্সবাজারের রামু উপজেলার মৌলভীকাটা আল ইভারি দাখিল মাদ্রাসার শিক্ষক।
পুলিশের দাবি, ইউনুস পাকিস্তানি জঙ্গি সংগঠনটির স্থানীয় পর্যায়ের একজন সংগঠক। তিনি রামুতে রোহিঙ্গা শরণার্থীদের জইশ-ই-মোহাম্মদের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চালান।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “রামুর ওই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সাবের আহমদ বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। তার মাধ্যমে ইউনুস এখানে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন।”
ইউনুসের সাংগঠনিক তৎপরতা কক্সবাজারেই সীমাবদ্ধ না কি, অন্য কোথাও তাদের কাজ রয়েছে কি না- এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, জাল পাসপোর্টে বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার রোহিঙ্গাদের তথ্য অনুযায়ী ইউনুসকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বুধবার বিমানবন্দর থেকে নূর হাবা ও নূর আহমেদকে জাল পাসপোর্টসহ আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/১৫৪০ ঘ.
bdnews24