২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নুহাশ পল্লীর ইফতারে নুহাশরা যাচ্ছেন না’

হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার স্বজনরা গাজীপুরে নুহাশ পল্লীতে গেলেও যাচ্ছেন না হুমায়ূনের প্রথম পক্ষের সন্তানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 08:36 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

গাজীপুর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার স্বজনরা গাজীপুরে নুহাশ পল্লীতে গেলেও যাচ্ছেন না হুমায়ূনের প্রথম পক্ষের সন্তানরা। গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে হুমায়ুনের নিজের হাতে গড়া এই নুহাশ পল্লীতে বৃহস্পতিবার সকাল থেকেই ইফতার মাহফিলের প্রস্তুতি চলছে। স্মৃতি সংসদের আহ্বায়ক গাজীপুরের অ্যাডভোকেট নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইফতার মাহফিলে হুমায়ূনের প্রথম পক্ষের তিন মেয়ে নোভা আহমেদ, শিলা আহমেদ, বিপাশা আহমেদ ও ছেলে নুহাশ আহমেদের আসার কথা থাকলেও ‘বিশেষ অসুবিধার’ কারণে তারা যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন। “তবে হুমায়ূনের দ্বিতীয় স্ত্রী শাওন ও তার দুই ছেলে, মা তহুরা আলী এমপি, অন্য প্রকাশের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলামের স্ত্রী তানজিনা রহমান যোগ দিচ্ছেন।” নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল বলেন, “শাওন ম্যাডাম বেলা ২টার পর নুহাশ পল্লীতে পৌঁছেছেন।” শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, ঈদের আগে ব্যস্ততা থাকায় তিনি ইফতারে যোগ দিতে যেতে পারছেন না। একই কথা জানিয়েছেন মাজহারুল ইসলামও। গত ১৯ জুলাই জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর ২৪ জুলাই এই নুহাশ পল্লীতেই তাকে দাফন করা হয়। এরপ ৯ অগাস্ট হুমায়ূনের মেয়েদের উপস্থিতিতে নুহাশ পল্লীতে গঠিত হয় স্মৃতি সংসদ। সেদিনই নুরুল আমিনকে আহ্বায়ক করে নয় সদস্যের কমিটি করা হয়। মোহাম্মদ আলী জানান, শাওন এবার নুহাশ পল্লীতেই ঈদ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/জেকে/১৪৩০ ঘ.