গোপালগঞ্জ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ মুজিবুর রহমানের সাঁইত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১০টা ১০মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছান শেখ হাসিনা। এ সময় ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন।
টুঙ্গিপাড়া পৌঁছানোর পরপরই বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে।
রাষ্ট্রীয়ভাবে শোক পালনের জন্য বুধবার সরকারি ছুটি। ১৫ অগাস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর সমাধিসৌধের বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অর্নার দেয়। বিউগলে বাজানো হয় করুণ সুর।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭৫ এর ১৫ অগাস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা ও শেখ রেহানা।
তিন বাহিনীর প্রধান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল¬্যাহ, উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজু, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দিন, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, শেখ মোহাম্মদ আব্দুল¬াহ, মন্ত্রী পরিষদ সচিব মোশারফ হোসেন ভূঁইঞা, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলার ২১৫টি সমজিদে দোয়া ও বিশেষ মোনাজাত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৬৩০ ঘ.
bdnews24